জীবন যেখানে যুদ্ধ, রোমানা সেখানে জয়ধ্বনি
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
ঢাকায় বেড়ে ওঠা রোমানা আমিন এখন এক পরিচিত মুখ। একুশে টেলিভিশনের সংবাদ পাঠিকা হিসেবে তার দৃপ্ত কণ্ঠ আর আত্মবিশ্বাসী উপস্থিতি মুগ্ধ করে দর্শকদের।
তার প্রিয় ঋতু শরৎকাল, যার কোমলতা ও স্বচ্ছতা যেন তার মনন ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। রঙের ক্ষেত্রে তিনি নিজেকে মানিয়ে নিতে জানেন, সব রঙই যেন তার জন্য একেকটা আবেগ।
সাফল্যে গাঁথা মানুষজনই রোমানা জীবনের আদর্শ । স্মৃতির ঝুলিতে আছে ফেলে আসা সুখ-দুঃখের অগণিত মুহূর্ত, যা তাকে আজকের রোমানা আমিন হিসেবে গড়ে তুলেছে।
রোমানা বিশ্বাস করেন, যখন কাজ ও দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, তখনই নিজের ভেতর এক দৃঢ় আত্মবিশ্বাস জন্ম নেয়।
তাঁর স্বপ্ন জীবনের প্রতিটি দায়িত্ব নিখুঁতভাবে পালন করে যাওয়া, বিশেষ করে সন্তানদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।
নারী হিসেবে ঘর থেকে শুরু করে বাইরের সমাজ পর্যন্ত, প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ। তবুও তিনি হাল ছাড়েন না।
তবে কষ্ট পান তখন, যখন কোনো অকৃতজ্ঞ মানুষের অবহেলা কিংবা নিজের সম্পর্কে ভিত্তিহীন মিথ্যাচার শুনতে হয়, যা তিনি কখনো করেননি, জানেন না, সেসব নিয়েই কথা হয়। এগুলো তাকে কষ্ট দেয়, কিন্তু থামিয়ে রাখতে পারে না।
এই গল্পের নায়িকা বিশ্বাস করে “পাছে লোকে কি বলবে” এই চিন্তা ভুলে নিজের লক্ষ্য ও কাজকে ভালোবেসে এগিয়ে যেতে হবে। কাজের মাধ্যমে আত্মবিশ্বাস তৈরি হয়, সেই আত্মবিশ্বাসই সফলতার চাবিকাঠি।
এই সংগ্রামী মানুষটি পরোপকারিতার প্রতিচ্ছবি, যার হৃদয়ে নেই কোনো জায়গা হিংসার। তার ভালোবাসা ও মমতার ছোঁয়া শুধু শান্তি ও সাহস বয়ে আনে, আর তাই কোনো বিরোধ বা হিংসা তাকে স্পর্শ করতে পারে না।
রোমানার ভালো লাগার গানের তালিকায় রয়েছে,
“আমার ভাঙা চালার, ভাঙা বেড়ার ফাঁকে”,
“আজ মন কেমনের আচ্ছা দিন”,
“দুঃখ ভালোবাসে প্রেমের খেলা খেলতে হয়”,
“আমি শুনেছি সেদিন তুমি” ইত্যাদি হৃদয়ছোঁয়া গান।
তবে, দুঃখ ভালোবাসে প্রেমের খেলা খেলতে হয়…
এই গানের কলির মতোই রোমানা আমিন জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন ভালোবাসা দিয়ে। শত বাধা পেরিয়ে, কষ্টকে সঙ্গী করেই এগিয়ে গেছেন নিরবে, দৃঢ়পায়ে। তার যাপন যেন জীবনের প্রেমে জর্জরিত এক সংগ্রামের কবিতা। কোনো অভিযোগ নয়, বরং আত্মবিশ্বাস আর দায়িত্ববোধ নিয়ে তিনি বেছে নিয়েছেন সফলতার পথ। তিনি জানেন, কষ্টকে ছুঁয়ে ভালোবাসলে তবেই জয় আসে।
এই হাস্যোজ্জ্বল, আত্মবিশ্বাসী নারীর জন্ম ১লা জানুয়ারি। নতুন বছরের প্রথম দিনে জন্ম নিয়ে তিনি যেন আশার প্রতীক হয়েই এসেছেন।নিজের আত্মবিশ্বাস, নিষ্ঠা ও পরিশ্রমই রোমানার চলার পথ তৈরি করেছে। নিজের পথ নিজেই তৈরি করেছেন তিনি।
“শত বাধা পেরিয়ে জীবনের সব কিছু সুন্দরভাবে করে যাওয়া টাই তার জীবন যুদ্ধ।”
নিজের প্রতি বিশ্বাস রাখা, নিজের জন্য সময় বের করা, এবং সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকা, এই তিনটি রোমানার ধৈর্য ধারণের মূলমন্ত্র, এই মূলমন্ত্রকে আলিঙ্গন করেই এগিয়ে চলছে এই গল্পের নায়িকা। হিংসা বা নেতিবাচকতা তাকে কখনো স্পর্শ করতে পারেনি।তিনি সবসময় নিজের লক্ষ্যেই ছিলেন অটুট।
এই প্রজ্ঞাময়ী নারী কাজের ক্ষেত্রে
সবসময় আত্মনির্ভরশীল থেকেছেন। সঙ্গীর সাপোর্ট যতটুকু পেয়েছেন, তা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করে নিজের কাজে মন দিয়েছেন।
সবসময় পরিকল্পনার ভেতর থাকেন এই প্রাণবন্ত নারী। নিজের প্রতিটি উদ্যোগে পেশাগত পরিপূর্ণতা অর্জনের চেষ্টা করেন। তার দৃষ্টিতে কর্ম মানেই দায়িত্বশীলতা ও উন্নতির পথ।
রোমানার ঘর আলোকরে ২কন্যা যেন তাকে আরও পরিপূর্ণ করেছে। সুস্থ, সুন্দর ও মানবিক গুণে গড়া মানুষ হিসেবে তার কন্যারা যেন বেড়ে ওঠে এটাই রোমানার চাওয়া। তারা যেন এক সুষ্ঠু পৃথিবীতে গড়ে উঠে নিজের পায়ে দাঁড়াতে পারে।
রোমানা আমিন কেবল একজন সংবাদ পাঠিকা নন, তিনি এক অনুপ্রেরণা। দায়িত্ব, মেধা আর আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রতিচ্ছবি।
নারীর সম্ভাবনা কীভাবে পেশা আর পরিবারকে একসঙ্গে ধারণ করে সামনে এগিয়ে যায়, তার জীবন তারই উত্তর।
তার মতো নারীরা আকাশের মতো, যতই মেঘ আসুক, ঠিকই আলো ছড়িয়ে দেয় চারপাশে। রোমানা মানেই সাহসিকতা, রোমানা মানেই আলো।







