ম্যানচেস্টার–সিলেট–ঢাকা ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত ঘিরে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার–সিলেট–ঢাকা ফ্লাইট রুট প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা এই সিদ্ধান্তকে ক্ষতিকর, অদূরদর্শী এবং হাজারো প্রবাসী পরিবারের জন্য মারাত্মক ভোগান্তির কারণ বলে অভিহিত করেছে।
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (বিপিকেপি)–এর উদ্যোগে ১৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় ইস্ট লন্ডনের কাচ্চি ডাইন কনফারেন্স হলে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত কমিউনিটি নেতা, পেশাজীবী, প্রবীণ নাগরিক, তরুণ প্রতিনিধি এবং নিয়মিত যাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
সভায় বক্তারা সর্বসম্মতিক্রমে বলেন, ম্যানচেস্টার–সিলেট–ঢাকা ফ্লাইটটি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা হিসেবে কাজ করে আসছে, বিশেষ করে উত্তর ইংল্যান্ডে বসবাসকারী সিলেট ও আশপাশের অঞ্চলের পরিবারগুলোর জন্য। এই সরাসরি রুটটি বয়স্ক, অসুস্থ ও চলাচলে সীমাবদ্ধ যাত্রীদের পাশাপাশি চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে ভ্রমণকারীদের জন্য কম খরচে, কম সময়ে এবং সম্মানজনক যাতায়াতের সুযোগ দিত, ফলে লন্ডন বা তৃতীয় দেশের দীর্ঘ ও কষ্টকর ট্রানজিটের শারীরিক, মানসিক ও আর্থিক ভোগান্তি থেকে তারা রেহাই পেতেন।
সভাটি আলহাজ আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুস্তাক বাবুল।
বিপিকেপির চেয়ারম্যান এম এ বারী বলেন, প্রবাসী ও সিলেট বিদ্বেষী একটি ব্যবসায়ী সিন্ডেকেট কিছুদিন পরপর এ লাভজনক ফ্লাইট বন্ধের পায়তারা করে। তিনি সতর্ক করে বলেন, প্রবাসীদের যৌক্তিক দাবি উপেক্ষা করা হলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক দুর্বল হয়ে পড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ ড. সৈয়দ মাশুক আহমেদ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুর রহমান, বিপিকেপি নর্থ ইংল্যান্ডের চেয়ারম্যান সৈয়দ সাদেক আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান কাউন্সিলর ফয়জুর রহমান, ভাইস-চেয়ার পারভেজ কুরেশি। মাঈন উদ্দিন আনসা,মানিকুর রহমান গনি,আয়েশা চৌধুরী,কাজী আরিফ,সাবেক সেক্রটারি সৈয়দ আহবাব হোসেন, যুগ্ম সম্পাদক মাওলানা আনিসুর রহমান ও শামীমা মিতা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহ মুনিম, সাংগঠনিক সম্পাদক জয়নাল খান, সদস্যপদ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, প্রেস এন্ড এন্ড পাবলিকেশন সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সোশ্যাল মিডিয়া সম্পাদক নাজির আলী, যুগ্ম কোষাধ্যক্ষ নুরুজ্জামান শেলিম, যুগ্ম প্রেস ও প্রচার সম্পাদক হাফসা ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য শাকাওয়াত হোসেন ফরাজী,কমিউনিটি নেতৃবৃন্দ ।








