ভোটের মাঠে শক্ত অবস্থান লুনার, প্রতিদ্বন্দ্বী মুনতাসির
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫২ অপরাহ্ণ

জুবেল আহমদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ আসনে ভোটের মাঠে আছেন ৫জন প্রার্থী। তবে মাঠ কাঁপাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। নির্বাচনী মাঠে তার শক্ত অবস্থান ইতোমধ্যে চোখে পড়ার মতো। গ্রাম থেকে গ্রামান্তর, হাট-বাজার থেকে পাড়া-মহল্লা সবখানেই চলছে তার অবিরাম প্রচারণা। তাঁর নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন দুই পুত্র আবরার ও লাবীব। সকাল থেকে রাত অবদি মায়ের জন্য তারাও আছেন মাঠে। তাঁরা যেখানে যাচ্ছেন, সেখানে সাধারণ মানুষ ভিড় করছেন। অনেকেই আবেগে জড়িয়ে ধরে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও লুনার পক্ষে কাজ করতে ইতিমধ্যে দেশে ফিরেছেন বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী। দেশে ফিরে গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন তারা। কখনো গাড়িতে, কখনো হেঁটে, আবার কখনো রিকশায় চড়ে যাচ্ছেন ভোটারদের কাছাকাছি। দোয়ার পাশাপাশি চাইছেন ধানের শীষ প্রতীকে ভোট।
দীর্ঘ এক যুগ ধরে দলের সাথে যুক্ত থাকা লুনা শুধুমাত্র ‘ইলিয়াস আলীর স্ত্রী’ পরিচয়ে নয়, একজন পরিশ্রমী রাজনৈতিক সংগঠক হিসেবেই ভোটারদের কাছে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। নির্বাচনী প্রচারণায় ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রসঙ্গ বারবার উঠে আসছে, যা আবেগের পাশাপাশি সহানুভূতির জায়গাটিও শক্ত করছে।
অন্যদিকে, খেলাফত মজলিসের প্রার্থী মুনতাসির আলী দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি মূলত ধর্মভিত্তিক ভোট ব্যাংকের ওপর ভর করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিছু এলাকায় তার উপস্থিতি লক্ষ্য করা গেলেও সার্বিকভাবে ভোটের মাঠে তিনি লুনার তুলনায় অনেকটাই পিছিয়ে আছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
স্থানীয়দের মতে, ইলিয়াস আলীর আকাশচুম্বী জনপ্রিয়তা এখনও সিলেট-২ আসনে একটি বড় ফ্যাক্টর। তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিখোঁজের রহস্য এবং পরিবারের প্রতি মানুষের সহানুভূতি সব মিলিয়ে লুনার পক্ষে এক ধরনের আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লুনার নিজস্ব রাজনৈতিক পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতা। সবকিছু ঠিকঠাক থাকলে এবং ভোটের দিন বড় কোনো অঘটন না ঘটলে, সিলেট-২ আসনে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়তে পারেন তাহসিনা রুশদীর লুনা এমনটাই মনে করছেন স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের বড় একটি অংশ।
লুনা-মুনতাসির ছাড়াও আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা) ও গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য)। তবে মাঠে তাদের কোন তৎপরতা চোখে পড়ছে না। নেই আলাদা ভোট ব্যাংকও।






