বাংলাদেশের রোমাঞ্চকর জয়
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্কঃ
পাওয়ার প্লেতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ পেলো পাকিস্তান। বাংলাদেশি বোলারদের তোপের মুখে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭ রান তুলেছে। টি-টোয়েন্টিতে এর আগে পাওয়ার প্লেতে পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ ছিল ১৩ রান। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে এই রান তোলে দলটি।
১৫ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের
১৩৩ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ১৫ রানেই পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়েছেন টাইগার বোলাররা। দুটো করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
জাকেরের ফিফটিতে ১৩৩ রানে থামলো বাংলাদেশের ইনিংস
টস হেরে আজ ব্যাটিংয়ে নেমেই শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই ৪ ব্যাটার ফেরেন ড্রেসিংরুমে। আগের ম্যাচের ম্যাচসেরা পারভেজ হোসেন ইমনও আজ ব্যর্থ হয়েছেন। এরপর জাকের আলি এবং শেখ মাহেদি হাসানের জুটির ওপর ভর করে অনেকটা ধকল এড়াতে সক্ষম হয় বাংলাদেশ। তবে দলীয় ৮১ রানে মাহেদি হাসান ফিরলে একাই ইনিংসের হাল ধরেন জাকের আলি অনিক। ৪৮ বলে ৫৫ রান করেন জাকের।
ব্যাটিং বিপর্যয়ের মুখে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাচ্ছে বাংলাদেশ। পাওয়ার প্লের ৬ ওভারের মধ্যেই ৪ ব্যাটার ফিরেছেন ড্রেসিংরুমে। আগের ম্যাচের ম্যাচসেরা পারভেজ হোসেন ইমনও আজ ব্যর্থ। ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩৫ রান।
অধিনায়ক লিটনের পর ফিরলেন হৃদয়ও, বাংলাদেশের সংগ্রহ ২৫/৩
মাত্র ৩ বলের ব্যবধানেই দুই উইকেট খোয়ালো বাংলাদেশ। সালমান মির্জার ওভারে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে হাসান নেওয়াজের কাছে ক্যাচ আউট হন অধিনায়ক লিটন দাস। ৯ বলে ১ চারে ৮ রান করেন লিটন। একই ওভারে সালমান আগার থ্রো করা বলে রান আউট হলেন তাওহীদ হৃদয়।
৩ রানে ফিরলেন নাঈম শেখ
একাদশে তানজিদ তামিমের পরিবর্তে নেমেছিলেন আরেক বাঁহাতি ওপেনার নাঈম শেখ। তবে ম্যাচে নিজেকে মেলে ধরতে পারলেন না তিনি। পেসার ফাহিম আশরাফের বলে নাঈম ফিরলেন ৭ বলে মাত্র ৩ রান করে। ক্রিজে নেমেছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭/১
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দ্বিতীয় ম্যাচে টস হারলেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলি আগা। আজকের ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ তামিম এবং তাসকিন আহমেদের পরিবর্তে দলে ঢুকেছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম।
সিরিজের প্রথম ম্যাচে টস জিতে লিটনও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। সে ম্যাচে বড় ব্যবধানে জয়ের দেখা পায় বাংলাদেশ।







