৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট!
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ৬:২৩ অপরাহ্ণ
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ দুপুর ২টায় ছাড়া হয় বাংলাদেশ-ভারত এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচের টিকিট। মূল পর্বে ওঠার লড়াইয়ে এর মধ্যেই ছিটকে গেছে বাংলাদেশ, সম্ভাবনা নেই ভারতেরও। তবু ঢাকা জাতীয় স্টেডিয়ামের ম্যাচটি ঘিরে উন্মাদনার কমতি নেই ফুটবলপ্রেমীদের। টিকিট বিক্রি শুরু হওয়ার স্রেফ ৬ মিনিটেই শেষ হয়ে সাধারণ গ্যালারির সব টিকিট!
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চেয়ারম্যান ও নির্বাহী সদস্য গোলাম গাউস বলেন, ‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারি সকল টিকিট বুকিং হয়ে যায়। আমরা নিজেরাও অবাক হয়েছি! যদিও জানতাম এমন কিছু হবে৷ এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্ট হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই। আর এখন ক্লাব হাউস, রেড বক্স, হসপিটালিটি অন্য টিকিটগুলো রয়েছে।’ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটির আগে ১৩ই নভেম্বর নেপালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
সে ম্যাচের টিকিট ছাড়া হয় এক সপ্তাহ আগে। প্রীতি ম্যাচটির টিকিট বিক্রি হচ্ছে ধীরগতিতে। সেটিও দ্রুত শেষ হয়ে যাওয়ার আশা ব্যক্ত করে সাবেক জাতীয় ফুটবলার গাউস বলেন, ‘ভারত ম্যাচের সব টিকিট শেষ, হামজাও আজ আসছে। এখন নিশ্চয়ই দর্শকরা নেপাল ম্যাচের টিকিট সংগ্রহ করবে।’ সিঙ্গাপুর-হংকং ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের দাম ছিল ৪০০ টাকা। ভারত ম্যাচের উন্মাদনায় তা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়।







