আমেরিকায় করোনায় ২৫৭ বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২০, ৬:৪৯ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে নিউইয়র্কে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন-সৈয়দ মো. রশিদ মুন্না, গৌরাঙ্গ বিশাবাস ও মতিউর রহমান। তাঁদের মধ্যে দুজনের দেশের বাড়ি সিলেট অঞ্চলে। এ নিয়ে আমেরিকায় করোনায় সংক্রমিত হয়ে ২৫৭ বাংলাদেশির মৃত্যু হলো।
নিউইয়র্ক সিটির ওজন পার্কে বসবাসরত সৈয়দ মো: রশিদ মুন্না (৪৪) করোনায় সংক্রমিত হয়ে ১৩ মে জ্যামাইকা হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর দেশের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কালীনজেরা গ্রামে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী এবং কমিনিটি নেতা আবু সায়িদ চৌধুরী কুঠির ভাগিনা রশিদ মুন্না। জানাজা ও দাফনের সময় পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে বলে জানানো হয়েছে।
নিউইয়র্কে ১৩ মে আরও ১৬৬ জনের মৃত্যু সংবাদ জানিয়ে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, এ শুধু সংখ্যা নয়। একেকটা জীবন। ১৬৬টি পরিবার আজ বেদনাহত। নিউইয়র্ক একটি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছে। রাজ্যে এ পর্যন্ত ২৭ হাজারের বেশি মানুষের নিশ্চিত মৃত্যু হয়েছে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে। করোনা সন্দেহে বা হিসেবের বাইরে আরও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে মনে করা হচ্ছে। রাজ্যে প্রায় সাড়ে তিন লাখ লোক করোনাভাইরাসে সংক্রমিত। এ সংখ্যা বেড়েই চলছে। যদিও হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা টানা দুই সপ্তাহ থেকে কমে আসছে। রাজ্য খুলে দেয়ার জন্য নানা ধাপ ও পরিকল্পনার কথা জানানো হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত না রাখতে পারলে সংক্রমণ বেড়ে যাবে বলে আশঙ্কার কথা উচ্চারিত হচ্ছে।
এ ছাড়া নিউইয়র্কের শিশুদের মধ্যে রহস্যজনক অসুখের সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। গভর্নর কুমো জানিয়েছেন, এর মধ্যে ১০২ জন এমন শিশু সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা মনে করেছিলাম শিশুরা করোনাভাইরাসের সংক্রমণের বাইরে। এখন প্রতিদিন শিশুদের মধ্যে রহস্যজনক সংক্রমণ হচ্ছে। এমন পরিস্থিতি যেকোনো অভিভাবকের কাছে নতুন করে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার ১৪টি রাজ্যে শিশুদের মধ্যে এমন সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এ সংক্রমনের সঙ্গে কোভিড-১৯ এর যোগসূত্র নিয়ে এখনো কেউ নিশ্চিত কোনো তথ্য দিতে পারায় উদ্বেগ আরও বাড়ছে।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ১৩ মে জানিয়েছেন, নগরীতে এ পর্যন্ত ৮২ শিশু পেডিয়াট্রিক মাল্টি ইনফ্লামেটরি সিন্ড্রোম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।







