করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিয়ানীবাজারের ৪ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২০, ৬:০০ অপরাহ্ণ

বিয়ানীবাজার প্রতিনিধি:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিয়ানীবাজারের ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২জন যুক্তরাজ্য ও ২জন যুক্তরাষ্ট্র প্রবাসী।
সর্বশেষ গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) মারা যান বাংলাদেশ সেন্টারের আজীবন সদস্য, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রউফুল ইসলাম। লন্ডন সময় শুক্রবার রাত ১০টায় কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রয়াত রউফুল ইসলামের বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা গ্রামে। তিনি বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ভূমিদাতা ও হাসপাতালের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।
গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হক উতুল মৃত্যুবরণ করেন।
প্রয়াত আব্দুল হক উতুলের বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের কসবা গ্রামে। তিনি নিউইয়র্ক প্রবাসী বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফারুকুল হকের বড় ভাই।
এর আগে গত ৫ এপ্রিল মৃত্যুবরণ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল আহমদ। নোবেল করোনাভাইরাসে নিউইয়র্কের আলমাস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত ৬ মার্চ লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান হাজী আব্দুল মুকিত (৮০)। তিনি রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজী আব্দুল মুকিত লন্ডনের স্টেপনী গ্রীণ এলাকায় বসবাস করতেন। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দাসউরা (রজব) গ্রামে।







