কাতারে রাস্তায় ঘুরছেন বাংলাদেশিরা, চরম আতঙ্কে কাটছে দিন
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২০, ৩:২৯ অপরাহ্ণ

প্রবাস ডেস্ক :
কাতারে প্রতিদিনই করোনায় নতুন করে আক্রান্ত হচ্ছেন অভিবাসী ও কাতারের নাগরিকরা। আরবের দেশগুলোর মধ্যে কাতারে সবচেয়ে বেশি ৪৭০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন কাতারে বসবাসরত প্রবাসী পরিবারগুলো।
কাজ শেষ করে যেখানে করোনার ভয়ে ভিনদেশিরা জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হন না, সেখানে বাংলাদেশিদের চিত্র একেবারে ভিন্ন। কাতারের বিভিন্ন জায়গায় রাস্তায় একসঙ্গে অনেককে দেখা যাচ্ছে প্রায়ই।
করোনার বিস্তার ঠেকাতে সচেতন হওয়া জরুরি বলে মনে করেন প্রবাসীরা। তারা বলেন, বাংলাদেশি ভাইয়েরা আসলে সচেতন না। অনেকে আগের মতো কাজ থেকে ফিরে রাস্তায় বা মার্কেটে জনসমাগম করেই থাকে।
এদিকে কাতার সরকারের নির্দেশনা অনুযায়ী প্রবাসীদের সচেতন করতে কাজ করে যাচ্ছে দূতাবাস। সংক্রমণ থেকে বাঁচতে প্রবাসীদের বাইরে ঘোরাঘুরি না করার আহবান জানান, বাংলাদেশি কমিউনিটির নেতারা।
কমিউনিটির নেতা দিদারুল আলম আরজু বলেন, আমি দেখেছি আমাদের বাংলাদেশি ভাইয়েরাই বেশি বাইরে ঘুরছেন। আজকের পরিস্থিতিতে আমি তাদের একটু সচেতন হতে বলব।
কোভিড-নাইনটিনের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে কাতারের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, লকডাউন করে দেয়া হয়েছে শিল্পাঞ্চল।







