হবিগঞ্জে ছাত্রদল-এনসিপির সংঘর্ষের রেশ ওসমানীনগরে
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর ধারাবাহিকতায় আগামীকাল ৩০জুলাই সিলেটের ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় উপজেলার গোয়ালাবাজারে একটি পথ সভা আয়োজনের কথা রয়েছে। এনসিপি সূত্রে জানা গেছে, পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে, গত ২৮ জুলাই হবিগঞ্জে ছাত্রদল ও এনসিপির সংর্ঘষের ঘটনার রেশ ওসমানীনগরের কর্মসূচি ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন উপজেলা এনসিপির সদস্য সচিব মনিরুল সাকিব। তিনি বলেন, আমরা আশা করছি শান্তিপূর্ণ ভাবে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ডিম নিক্ষেপের কথা উল্লেখ করে পোস্ট দিচ্ছেন। আবার ছাত্রদলের কিছু নেতাকর্মী সরকারের বিরুদ্ধে বক্তব্য দিলে ব্যবস্থা নেওয়ার বিষয়ে লেখালেখি করছেন।
উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েব আহমদ বলেন, আমরা একটি আদর্শ নিয়ে রাজনীতি করি, কাউকে আঘাত করিনি। আমরা গঠনমূলক রাজনৈতিক আচরণে বিশ্বাস করি।তবে কেউ যদি হিংসাত্মক বা উসকানিমূলক বক্তব্য দেন এবং তাতে কোনো অ প্রীতিকর পরিস্থিতি সৃষ্ঠি হয়, তাহলে তার দায় সংশ্লিষ্টদেরই নিতে হবে।আমরা আশা করি এনসিপির নেতারাও দায়িত্বশীল বক্তব্য দেবেন এবং কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে।
সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, আমাদের নেতা তারেক রহমান ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনাকে নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য দেওয়া হলে জণগণকে সাথে যুবদল তার কড়া জবাব দেবে।
এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মোস্তফা বলেন,ওসমানীনগরে এনসিপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কর্মসূচিকে ঘিরে পুলিশের কড়া নজরদারি থাকবে।







