ফ্যামেলি ও বিজনেস ভিজিট ভিসা চালু করছে সৌদি দূতাবাস
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২০, ৮:৫৯ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
৩ মার্চ (বুধবার) থেকে পুনরায় ফ্যামেলি ও বিজনেস ভিসা চালু করছে সৌদি দূতাবাস।বিষয়টি নিশ্চিত করেছেন, সৌদি ভিসা সার্ভিস সেন্টারস আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মজুমদার।
মঙ্গলবার (২ মার্চ) বিকেলে তিনি প্রবাস বার্তাকে জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১ মার্চ থেকে সকল প্রকার ভিজিট ভিসা ইস্যু বন্ধের ঘোষণা দেয় ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস। তবে আজ দুপুরে সৌদি দূতাবাসের কনস্যুলারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বুধবার থেকে ভিজিট ভিসার আওতায় সকল প্রকার পাসপোর্ট জমা নিবে সৌদি দূতাবাস।
এসময় তিনি আরো বলেন, পুনরায় ফ্যামেলি ও বিজনেস ভিসা চালু করলেও ওমরা ভিসার ক্ষেত্রে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পূর্বের সিদ্ধান্ত বহাল থাকবে।
এর আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও করোন ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ওমরাহ যাত্রীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব। একইসাথে করোনায় আক্রান্ত দেশের নাগরিকদের জন্য টুরিস্ট ভিসাও বাতিল করেছে দেশটির সরকার।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছিল, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।







