ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু : পরিচয় জানতে চায় দূতাবাস
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০১৭, ৩:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হৃদরোগে আক্রান্ত হয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম কামরুল হক। সম্প্রতি অসুস্থ হয়ে রোমের পলিক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন।
তবে তার বাড়ি বাংলাদেশের কোন জেলায় তা সঠিক ভাবে কেউ বলতে না পারলেও তিনি সিলেট অথবা ঢাকার কোন জেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। ফলে সঠিক পরিচয় কারো জানা থাকলে দ্রুত রোমের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের জন্য তিনি অনুরোধ করেছেন।
বাংলাদেশ দূতাবাস রোমের প্রথম সচিব আরফানুল হক জানান, রোমের পলিক্লিনিকে কামরুল হকের মরদেহ রক্ষিত আছে। মৃত ব্যক্তির পাসপোর্ট না থাকায় তাকে দেশে পাঠানো বেশ জটিল হয়ে পড়েছে। তাছাড়া তার কোনো আত্মীয়স্বজন, বন্ধু অথবা পরিচিত কাউকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি জানান, কামরুল হক রাজধানী রোমের লিদো অস্তিয়ার এলাকায় বাস করতেন। বাংলাদেশের কোন জেলায় বাড়ি তা এখনো জানা যায়নি।







