ইতালী প্রবাসী লিপি আক্তার খুন : ভেনিসে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০১৭, ১১:০৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ইতালীর ভেনিসে বসবাসরত জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া গ্রামের আব্দুর রহমানের কন্যা ও একই উপজেলার ইমান আলীর স্ত্রী লিপি আক্তার ( ৪৫) নিজ ভাতিজার হাতে নির্মমভাবে খুন হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটে বলে জানা গেছে। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ইতালীর ভেনিসের মারগেরায় বসবাসরত ইমান আলী বড়দিনের ছুটিতে স্বপরিবারে বাংলাদেশে বেড়াতে যান। গত ১১ জানুয়ারি জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ ভাতিজার ধারালো ছুরির উপর্যুপরি আঘাতে মৃত্যুবরণ করেন লিপি আক্তার।
এ ঘটনায় ইতালীর ভেনিসে বসবাসরত বাংলাদেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ হত্যাকান্ডের বিচার, আসামীদের গ্রেফতার ও প্রবাসী বাংলাদেশীদের জানমালের নিরাপত্তার দাবীতে বাংলাদেশ সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভেনিস বাংলা স্কুল চত্বরে শনিবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এ সময় স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাথী ও অভিভাবকরা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নিহত লিপি আক্তারের বড় মেয়ে ভেনিস বাংলা স্কুলে শিক্ষার্থী।







