লন্ডনে ওসমানী স্কুলের নাম পরিবর্তনের বিরুদ্ধে ক্রমেই ফুঁসে উঠছে বাঙ্গালী কমিউনিটি
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৭, ৩:৪৬ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ মহান মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর নামে লন্ডনের বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে প্রাইমারি স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্তে ক্রমেই ফুঁসে উঠছে স্থানীয় বাংলাদেশী কমিউনিটি। গত ১৭ জানুয়ারি মঙ্গলবার ভেলেন্স রোডের ওসমানী সেন্টারে ওসমানী স্কুলের নাম পরিবর্তনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবীর ওসমানী ট্রাষ্ট এবং পিপলস এলাএন্স অব টাওয়ার হ্যামলেটস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উক্ত ট্রাষ্টের চেয়ারম্যান কমান্ডার আবুল কাশেম খান। সভা পরিচালনা করেন, উসমান গনি।
সভায় বক্তারা বঙ্গবীর ওসমানীর নাম পরিবর্তনের বিরুদ্ধে জোরালো বক্তব্য রাখেন। সবাই বাংলাদেশের এমন একজন বীরের নাম পরিবর্তনকে ষড়যন্ত্র মনে করছেন। বিষয়টি সবার মনে খুব কষ্ট দিচ্ছে বলেও অনেকে জানান। তারা এ নাম বহাল রাখার ব্যাপারে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পিপলস এলাএন্স অব টাওয়ার হ্যামলেটস এর লিডার ও বিগত টাওয়ার হ্যাম লেটস নির্বাচনে মেয়র প্রার্থী কাউন্সিলার রাবিনা খানও উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বিশেষ বক্তব্য রাখেন, ব্যবসায়ী সিরাজ হক, শাহ মুনিম, টাওয়ার হ্যামলেটস প্যারেন্ট সেন্টারের চেয়ার সাজ্জাদ মিয়া, কাউন্সিলার আবুল আসাদ, রাজন উদ্দিন জালাল, সৈয়দ হাসান আহমদ, ফেরদৌস বেগম সহ আরও অনেক স্থানীয় নেত্রীবৃন্দ। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে কাউন্সিলার রাবিনা খানকে ওসমানী স্কুলের গভর্নিং বডির সাথে মিটিং আয়োজন করে কমিউনিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দলমত নির্বিশেষে ওসমানী নাম বহাল রাখার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।







