লন্ডনে করোনার তহবিল জোগাড়ে হাঁটছেন শত বছরের বাংলাদেশি দবিরুল
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২০, ১০:৩৭ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
লন্ডনের বাসিন্দা একশ বছর বয়স্ক ব্রিটিশ বাংলাদেশি সমাজসেবী দবিরুল ইসলাম চৌধুরী। এই বয়সে রোজ রেখে প্রতিদিন নিজের বাসার পেছনের বাগানে একশ বার হাঁটছেন তিনি। উদ্দেশ্য ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার জন্য অর্থ তুলা।
ব্রিটেনের স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’ আয়োজিত অর্থ সংগ্রহ তহবিল কর্মসূচির অংশ হিসাবে তিনি এই উদ্যোগ নিয়েছেন। মাত্র এক হাজার পাউন্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে তিনি শুরু করেছেন তার এই উদ্যোগ।
ব্রিটিশ প্রাক্তন সৈনিক একশ বছরের ক্যাপ্টেন টম মুর একইভাবে বাগানে একশ বার হেঁটে ব্রিটেনের স্বাস্থ্য সেবা ব্যবস্থার জন্য তিন কোটি দশ লাখ পাউন্ড তুলে দিয়ে দেশব্যাপী রীতিমত আলোড়ন ফেলেছেন। তারও শুরুতে লক্ষ্য ছিল এক হাজার পাউন্ড তুলে দেওয়া।
দবিরুলের প্রতিজ্ঞা ছিল তার একশ বছর পূর্ণ হওয়ার আগে তিনি প্রতিদিন একশ বার হেঁটে তার লক্ষ্য পূরণ করবেন। আজ তার একশ বছরের জন্মদিন। একশ বছরের দবিরুল ইসলাম চৌধুরীর অনুপ্রেরণা টম মুর।
সূত্র: বিবিসি।







