লন্ডনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০২০, ৪:৩১ অপরাহ্ণ

আবুল ফয়েজ, লন্ডন থেকে:
মুজিব শতবর্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরের ঠিক আগ-মুহূর্তে লন্ডন সময় ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় একুশের অমর গান- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” -এর রচয়িতা সর্বজন শ্রদ্ধেয় ক্ষুরধার কলামিস্ট, লন্ডন প্রবাসী লেখক-কবি-সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীকে সম্মাননা প্রদান করে বাংলাদেশ হাই কমিশন। হাইকমিশন মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম আব্দুল গাফফার চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন, এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মহান ভাষা আন্দোলনের অমর গানের রচয়িতা জীবন্ত কিংবদন্তি আবদুল গাফফার চৌধুরীকে বাংলাদেশ হাই কমিশন লন্ডন কর্তৃক প্রদত্ত সম্মাননা জ্ঞাপনের ঐতিহাসিক মুহূর্তটি বাংলাদেশের সময় টেলিভিশন চ্যানেলে এবং বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেইজে লাইভ (সরাসরি) সম্প্রচারিত হয়।
এরপর রাত নয়টার পূর্ব লন্ডনে বাংলাদেশ সেন্টার আয়োজিত অমর একুশের অনুষ্ঠানে মান্যবর হাইকমিশনার মূল্যবান বক্তব্য রাখেন।
ঠিক রাত বারোটায়, একুশের প্রথম প্রহরে, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে অমর ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের মান্যবর হাই কমিশনার সাঈদা মুনা তাসনীম এবং বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস এবং কাউন্সিল স্পিকার। এ সময় বাংলাদেশ হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীগণ এবং সর্বস্তরের পেশাজীবী প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।







