সিলেটসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, আতঙ্কে অনেকে রাস্তায়
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
ছুটির দিনে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। কেন্দ্রস্থল নরসিংদী।
এদিকে ঢাকায় আতংকে মানুষজন রাস্তায় নেমে আসেন এ সময়। অনেকেই সামাজিকমাধ্যমে পোস্ট দেন। রাজধানীর এক শপিং মলের কাপড় ব্যবসায়ী জানান, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ দেখি সেলফ থেকে কাপড় নিচে পড়ে যাচ্ছে। প্রচণ্ড কাঁপুনি অনুভব করি।
মিরপুর ২ থেকে এক গৃহিনী বলেন, হঠাৎ দেখি ডেসিন টেবিল নড়ছে। সেখানে রাখা কসমেটিক্স এর কোটা পড়ে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ ধাক্কা দিচ্ছে।
চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, রাজশাহী, নাটোর মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
নাটোরের লাভলী বেগম নামের এক বাসিন্দা জানান, শুরুতে ভাবছিল আমার মনের ভুল। পরে দেখি খাটে যারা বসে ছিলেন তারা দৌড়ে নামছেন। তখন আমিও কাঁপুনি বুঝতে পারি। এমন তীব্রতা এর আগে কখনো অনুভব করিনি।
এদিকে বাংলাদেশ ছাড়াও ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।







