কৃষকের শ্রম-ঘামের টাকায় দেশের অর্থনীতি এগিয়ে চলে -ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, কৃষক হচ্ছে বাংলাদেশের প্রাণ। কৃষকের শ্রম-ঘামের টাকায় দেশের অর্থনীতি এগিয়ে চলে। জাতি গঠনে কৃষকদের অবদান অনস্বীকার্য। ধানের শীষ হলো কৃষকের প্রতীক এবং বিএনপির প্রতীকও ধানের শীষ। তাই কৃষকরাই ধানের শীষকে বিজয়ী করার প্রধান শক্তি। আপনারা যখন ধান ফলান, বেশি ফলন হলে যেমন খুশি হন, সেই ধানের শীষকে বিজয়ী করতে আপনাদেরই বেশি ভূমিকা রাখতে হবে।
শনিবার বিকেলে উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর পূর্বগ্রামে উমরপুর ইউনিয়ন কৃষকদলের আওতাধীন ৬নং ওয়ার্ড কৃষকদলের উদ্যোগে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিএনপির সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাজিদ মিয়া ও যুক্তরাজ্যের কার্ডিফ যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা দিলু মিয়ার বাড়িতে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, কৃষকের সুবিধার কথা ভেবে তার স্বামী এম. ইলিয়াস আলী বিভিন্ন হাওরে রাস্তা নির্মাণ করেছিলেন এবং বহু স্থানে ব্রিজ-কালভার্ট নির্মাণ করেছিলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং তার ঘোষিত ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে কৃষক উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও শিক্ষার উন্নয়নে কাজ করবে বিএনপি।
সভায় উমরপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি চমক আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সহ-সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ সুনাফর আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






