ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
হবিগঞ্জের বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মারা যান বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তাদের চার বছরের ছেলে তৌকির আহমেদ।
পুলিশ জানায়, অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবারসহ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস মা-ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ (ভারপ্রাপ্ত) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনায় নিহতদের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ৬টার দিকে বাহুবল উপজেলা হাফিজপুর এলাকায় শ্যামলী পরিহণের একটি বাসের সাথে মিনি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যান চালক কাফরুল মিয়া মারা যান। এঘটনায় কাভার্ডভ্যানটি ধুমরে মুছরে যায় এবং বাসটি খাদে পড়ে যায়।







