যে বক্তব্যে প্রশংসায় ভাসছেন ইলিয়াস পত্নী লুনা…
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
‘ধর্ম যার যার, উৎসব তার তার’ এমন বক্তব্যে প্রশংসায় ভাসছেন ইলিয়াস পত্নী লুনা। গত শনিবার (১৩ই সেপ্টেম্বর) ওসমানীনগরের গ্রামতলা গ্রামে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। এসময় তার দেওয়া বক্তব্যে তিনি বলেন, অনেকে নিজেদের সংখ্যালঘু মনে করেন। কিন্তু আমি মনে করি, সংখ্যালঘু বলে কিছু নেই। আমাদের সবার পরিচয় বাংলাদেশি। ধর্ম পালনের বিষয়টি ব্যক্তিগত স্বাধীনতা। আমরা বলতে চাই না ‘ধর্ম যার যার উৎসব সবার’; বরং বলতে চাই ‘ধর্ম যার যার, উৎসব তার তার’। আমি আমার ধর্ম পালন করব, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। এটাই প্রকৃত ধর্মীয় সহাবস্থান। এই বক্তব্য শুনে উপস্থিত সবাই প্রশংসা করেন।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গত দুদিন তার বক্তব্য ছড়িয়ে পড়লে অনেকেই শেয়ার করে প্রশংসায় ভাসাচ্ছেন বিএনপির এই নেত্রীকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার তাহসিনা রুশদীর লুনা একজন বিচক্ষণ রাজনীতিবিদ বলেও মন্তব্য করেছেন অনেকে। তারা বলেন, স্বামীর অনুপস্থিতিতে দলকে সামলে রাজনীতির মাঠে খুবই ভালো করছেন তিনি। আগামীতে এই এলাকার হাল ধরলে তার স্বামীর মতো তিনিও যুগান্তকারী কাজ করবেন এমন প্রত্যাশা সাধারণ মানুষের।
উল্লেখ্য, গত শনিবার সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহসিনা রুশদির লুনা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সত্যেন্দ্র কুমার পাল কানুর সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক শংকর সেন এবং উপজেলা যুবদল নেতা রজত দাশের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ইউপি সদস্য চামেলী রানী, সনাতন সংঘের কোষাধক্ষ্য কাঞ্চন কুমার দেব, সদস্য মিহির দেবনাথ নিখিল, বিধান চন্দ্র দেব,সজল দেব, অংশু দেব, শাওন পাল, কেন্দ্রীয় কালি মন্দির পূজা পরিষদের সভাপতি কাজল দাশ, সাধারণ সম্পাদক নান্টু দেব, কোষাধ্যক্ষ আশুতোষ দাশ ভানু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অশোক দেব প্রমুখ।







