ওসমানীনগরে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় বিড়িসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫১ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় অবৈধ নাসির বিড়িসহ সুব্রত কর (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের একটি গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটককৃত সুব্রত উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের মৃত সত্যেন্দ্র করের ছেলে।
র্যাব-৯ এর এসপি গোলাম কিবরিয়ার নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ ঘটনায় র্যাবের এসআই আব্দুল জলিল বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা (মামলা নং-০৪) দায়ের করেছেন।
অভিযানকালে ১৪ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করা হয় এবং সুব্রত করকে আটক করা হয়।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদুল হাসান রিপন বলেন, র্যাবের একজন এসআই বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আটককৃত সুব্রতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।







