বালাগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই, অত:পর…
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি যুবদল নেতাকে গ্রেফতার করার পর পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আসামি পক্ষের লোকজনের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সেনাবাহিনির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ৭আগস্ট রাত ৯টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদরাসা বাজারে এই ঘটনাটি ঘটে। কিন্তু ঘটনাটি জানাজানি হলেও রাজনৈতিক দলের নেতাদের চাপাচাপিতে ঘটনা প্রকাশ ও তথ্য প্রদানে পুলিশের অনিহা লক্ষ্য করা গেছে।
জানা গেছে, ২০১৪সালের ১৬ডিসেম্বর বালাগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় (মামল নং-৬) উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের ইউনুছ খানের ছেলে ফুজায়েল আহমদ খান সাজুর (৩৫) বিরুদ্ধে ১ হাজার টাকা জরিমানাসহ ২ বছরের সাজার রায় দেন আদালত।
আদালত রায় প্রদানকালে সাজু পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সাজু উপজেলা যুবদলের বর্তমান আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক পদে রয়েছেন বলে জানা গেছে।
বালাগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে এসআই শাহ ফরিদ. এসআই বিণয় ভুষন চক্রবর্তী, এসআই সৌরভ সাহা, এএস আই কানন কুমার দাস, এএসআই সুবীর চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ মাদরাসা বাজার ব্রিজের উপরে আসামি সাজুকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তার হাতে হাতকড়া পরানো হয়। এসময় সাজু পুলিশের সাথে ধস্তাধস্তি ও চিৎকার করেন। মুহুর্তেই সাজুর ভাই একাধিক মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা রাজুসহ তাদের পক্ষের ১০-১২ জন এসে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ সাজুকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় ৪-৫জন পুলিশ আহত হয়েছেন। এরমধ্যে এএসআই কানন কুমার দাসের গলাসহ শরীরে মারত্মক জখম করা হয়েছে। এসময় হামলাকীদের হাত থেকে পুলিশকে রক্ষা করতে গিয়ে স্থানীয় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার খবর পেয়ে সেনাবাহিনির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া, ওসি (তদন্ত) ফয়েজ আহমদ, সিলেটের অতিরিক্তি পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএমসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের প্রচেষ্টায় রাত সাড়ে বারটার দিকে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিতে সক্ষম হন।
সিলেটের অতিরিক্তি পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম বলেন, ৮ আগস্ট আসামি সাজুকে আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি পক্রিয়াধিন আছে।







