হবিগঞ্জে অভাব অনটনে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহ ও অভাব অনটনের কারণে সোয়েব নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
সোয়েব মিয়া ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
পুলিশ খবর পেয়ে রোববার বিকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
মাধবপুর থানার এসআই সাইদুর রহমান জানান, মৃতের পিতামাতার বক্তব্য হচ্ছে- সোয়েব মিয়া গত কিছু দিন আগে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তবে গত ৬-৭ মাস ধরে তার কোনো কাজ ছিল না। এ নিয়ে তার মধ্যে হতাশা কাজ করছিল। ধারণা করা হচ্ছে বেকার জীবন হতাশা ও অভাব অনটনের কারণে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়েছে সে।
স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া বলেন, সোয়েব মিয়া সাধারণ মানুষ ছিল। কী কষ্ট নিয়ে সে আত্মহত্যা করেছে তা স্পষ্ট নয়।
শোয়েবের পিতা জয়নাল আবেদিন বলেন, কী কারণে তার ছেলে আত্মহত্যা করেছে তারা এ ব্যাপারে কিছুই জানে না।
লাশ উদ্ধারকারী এসআই সাইদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে ডাক্তারি প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর কারো প্ররোচনায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিনা- বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।






