ভিডিও ব্লগিংয়ে তৃতীয় স্থান অর্জন করায় আইসিসিআরের পুরস্কার পেলেন বাংলাদেশের মনসিফ হেলালী
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২১, ১০:০১ অপরাহ্ণ
ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) ২০২০ সালের জুনে ‘আমার জীবন আমার যোগ’ শীর্ষক বৈশ্বিক ভিডিও বøগিং প্রতিযোগিতা শুরু করেছিল।
কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে যোগের ক্রমবর্ধমান আগ্রহের কারণে চলমান কোভিড-১৯ মহামারী সত্তে¡ও প্রতিযোগিতাটি বিশ্বজুড়ে অপ্রতিরোধ্য সাড়া পায়।
বৈশ্বিক এই ভিডিও ব্লগিং প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা বিপুল সংখ্যক ভিডিও আপলোড করে। এর মধ্যে সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ ছিল বাংলাদেশ থেকে।
রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, এতে বাংলাদেশের কিশোর মনসিফ হেলালী যোগের বিভিন্ন অঙ্গবিন্যাসে অসাধারণ দক্ষতার জন্য যুব বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে। পুরস্কারস্বরূপ এক হাজার মার্কিন ডলার জিতে নেন তিনি।
ঢাকায় ভারতীয় হাই কমিশনে আয়োজিত অনুষ্ঠানে হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ও হাই কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে মনসিফ হেলালীর হাতে চেক তুলে দেন এবং তাকে অভিনন্দন জানান। হেলালী ১১ বছর ধরে যোগাভ্যাস অনুশীলন করছেন।








