ব্রিটেনজুড়ে বাড়ছে করোনা আতঙ্ক, উৎকণ্ঠায় দিন কাটছে প্রবাসীদের
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২০, ৮:২৩ অপরাহ্ণ
লন্ডন ডেস্ক :
ব্রিটেনে করোনাভাইরাসে প্রথম একজন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ত্রিশ জন। যাদের মধ্যে ২৫ জনই লন্ডনের বাসিন্দা। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। এ অবস্থায় দিন দিন ব্রিটেনজুড়ে বাড়ছে আতঙ্ক। উৎকণ্ঠায় দিন কাটছে প্রবাসী বাংলাদেশিদের।
লন্ডন থেকে মাত্র ৫০ মাইল দূরে বার্কশায়ারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর পুরো বৃটেন জুড়ে আতংক ছড়িয়ে পড়েছে। স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো কিছুটা ঘনবসতিপূর্ণ হওয়ায় এই আতংক কিছুটা বেশী।
যুক্তরাজ্য সরকারের প্রকাশিত সর্বশেষ পরিকল্পনায় বলা হয়েছে, যুক্তরাজ্যে করোনা ভাইরাস মহামারীর চূড়ান্ত আকার ধারণ করলে, কর্মীদের এক পঞ্চমাংশ পর্যন্ত অসুস্থ হয়ে যেতে পারে। করোনা মোকাবেলায় বৃটিশ সরকারও বিভিন্ন ধাপে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে।
তবে, ব্রিটেনে আরও বিস্তৃত আকারে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে প্রস্তুত থাকা দরকার এবং এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে ‘চ্যালেঞ্জিং’ হতে পারে বলে সর্তক করে দিয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ।








