করোনা আতঙ্ক: বাংলাদেশসহ ১০ দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে কড়াকড়ি
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২০, ২:১৭ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
বাংলাদেশসহ ১০ টি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, এসব দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ক্ষেত্রে তাদের স্বাস্থ্য সম্পর্কিত সার্টিফিকেট দেখাতে হবে। এই সার্টিফিকেটে লেখা থাকতে হবে তারা ভয়াবহ নতুন করোনা ভাইরাস থেকে মুক্ত। যদি কোনো নাগরিক তা দেখাতে না পারেন তাহলে তাকে কুয়েতে প্রবেশ করতে দেয়া হবে না। এই কড়াকড়ি বাস্তবায়ন বা প্রয়োগ করা হবে ৮ই মার্চ থেকে। যে ১০টি দেশের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা হবে তার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, মিশর, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিরিয়া, লেবানন, তুরস্ক, আজারবাইজান ও জর্জিয়া। এ খবর দিয়েছে অনলাইন কুয়েত টাইমস।
এতে বলা হয়, টুইটারে এক বিবৃতিতে এ নিয়মের কথা জানিয়েছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক ডিরেক্টরেট জেনারেল।
তাতে বলা হয়েছে, এসব দেশ থেকে যাওয়া যাত্রীদেরকে অবশ্যই করোনা ভাইরাস পরীক্ষা করা হবে। তাছাড়া তাদেরকে কুয়েতে বোর্ডিং পাসের আগে এমন সার্টিফিকেট দেখাতে হবে যে, তাদের নভেল করোলা ভাইরাস নেই। এই তালিকায় প্রথম যে সাতটি দেশ রয়েছে, বিশেষ করে ভারত ও মিশরের, কুয়েতে রয়েছে তাদের মোট ২৫ লাখ মানুষ। কুয়েতে বসবাসকারী সব বিদেশীর মধ্যে তাদের সংখ্যা প্রায় চার ভাগের তিন ভাগ। এরই মধ্যে করোনা আক্রান্ত ইরান, ইরাক, চীন, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশ সফর করেছেন এমন বিদেশীকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সার্কুলারে বলা হয়েছে, উপরে উল্লেখিত ১০টি দেশের নাগরিক, যারা কুয়েত যাবেন, তাদেরকে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে। সংশ্লিষ্ট দেশে কুয়েত দূতাবাস থেকে এসব সার্টিফিকেট অনুমোদিত হতে হবে যে, তার করোনা ভাইরাস নেই। যেসব দেশে কুয়েতের কূটনৈতিক মিশন নেই, সেদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্বারা সত্যায়িত হতে হবে যে, সংশ্লিষ্ট ব্যক্তির পরীক্ষা করা হয়েছে এবং তিনি করোনায় আক্রান্ত নন। এতে আরো বলা হয়েছে, যারা এই সার্টিফিকেট দেখাতে পারবেন না তাদেরকে কুয়েত প্রবেশে অনুমতি দেয়া হবে না। যে বিমানে করে তারা যাবেন, তাদেরকে সেই বিমানেই ফেরত পাঠানো হবে। এসব দেশ থেকে কুয়েতের নাগরিকরা দেশে ফিরলে তাদেরকে অবশ্যই কুয়েত বিমানবন্দরে পরীক্ষা করাতে হবে। এর আগে করোনা আক্রান্ত দেশগুলো থেকে নাগরিকদের কুয়েত প্রবেশ নিষিদ্ধ করেছে কয়েকদিন আগে। ডজনখানেক দেশের নাগরিকদের পর্যটক ভিসা দেয়াও বন্ধ করেছে। কিছু দেশের ক্ষেত্রে এই ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।
কুয়েতের স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় বলেছে, সেখানে নতুন করে কোন করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া যায় নি। সেখানে মোট ৩১০০ মানুষের এই পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৫৬ জনকে আক্রান্ত পাওয়া গেছে। এর মধ্যে বেশির ভাগই ফিরেছেন ইরান থেকে। ওদিকে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় বহুমুখি স্পোর্টস বিষয়ক টুর্নামেন্ট জিসিসি গেমস স্থগিত করেছে কুয়েত। বন্ধ করে দেয়া হয়েছে চিড়িয়াখানা। স্বাস্থ্যমন্ত্রী ডা. বাসেল আল সাবাহ শেখ বলেছেন, আক্রান্ত এলাকা থেকে ফিরে যাওয়া লোকজনকে রাখার জন্য চতুর্থ একটি কোয়ারেন্টাইন প্রস্তুত করছে তারা। এখানে ১৪ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হবে লোকজনকে।







