ইতালিতে করোনাভাইরাসে ২৯ জনের মৃত্যু : আতঙ্কে প্রবাসীরা, দেশবাসীর কাছে দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২০, ৩:২০ অপরাহ্ণ

জুবেল আহমেদ:
বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৫৮ জনের। আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৩৭৯ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৩৬ জন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির। দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) একদিনেই দেশটিতে ৩০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ইতালিতে মোট করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১১২৮ জনে। আর এখন পর্যন্ত দেশটিতে ২৯ জনের মৃত্যু হয়েছে।
এমতাবস্থায় ইতালিতে বেশ আতঙ্কের মধ্যে আছেন বাংলাদেশী প্রবাসীরা। এ ভাইরাসের কারণে ইতালি প্রবাসী বাংলাদেশিরা শুধু আতঙ্কেই নন তারা চাকরিও হারাচ্ছেন। এই মুহূর্তে ২ লাখ ৬০ হাজারের মতো বাংলাদেশি ইতালিতে রয়েছেন। দেশটির বেশির ভাগ শহরে জনকোলাহল থেমে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলছে। সুপারশপ, রেস্টুরেন্ট, নাইট ক্লাবগুলোর বেশির ভাগই বন্ধ। সিনেমা হল, জাদুঘরও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। চরম সংকটে পড়েছে রেস্টুরেন্ট ব্যবসা।
ইতালি প্রবাসী সিলেটের সুমন সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইতালিতে ক্রমশ বেড়ে চলেছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আমরা প্রবাসীরা বেশ আতঙ্কে রয়েছি। তাছাড়া গত দুই দিন থেকে রেস্টুরেন্টে কাজে যেতে পারছিনা। রেস্টুরেন্ট বন্ধ ঘোষনা করা হয়েছে।
ইতালী প্রবাসী সিলেটের সাঈদ আহমেদ সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসের প্রভাবে আমরা প্রবাসী বাংলাদেশীরা কর্মহীন হয়ে পড়েছি। রেস্টুরেন্টসহ সুপারশপগুলো বন্ধ রয়েছে। তাছাড়া যে হারে ইতালিতে করোনাভাইরাস আক্রান্তদের সংখ্যা বাড়ছে তাতে আমরা বাংলাদেশি প্রবাসীরা দিশেহারা হয়ে পড়েছি। আমি দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া প্রার্থনা করছি।
ইতালির উত্তরাঞ্চলীয় লম্বার্ডি অঞ্চলে করোনাভাইরাসে প্রকোপ সবচেয়ে বেশি। ভয়াবহ এই ভাইরাসের আক্রমণে বিশ্বের বিভিন্ন দেশের মতো ইউরোপীয় এই দেশটিতেও অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটন খাত। যার প্রভাব আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইতালিতে বসবাসরত প্রবাসী কোন বাংলাদেশীর এখনো করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি।







