সৌদি আরবে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গোলাপগঞ্জের এক যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ৯:০৯ অপরাহ্ণ

সুরমা নিউজ:
সৌদি আরবে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ২ নং রানাপিং ইউনিয়নের চৌঘরী এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে ময়নুল ইসলাম (৩৫)।
নিহত ময়নুল ইসলামের আত্মীয় ফরহাদ হোসেন খান সুমন জানান, সৌদি আরবে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পূর্বে হঠাৎ সড়কের পাশে সৌদি আরব পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেছে বলে জানা গেছে।
তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজের গাড়ি নিয়ে বের হন। পরে আর বাসায় ফিরে আসেননি। ঘটনার মূল কারণ এখনও জানা যায়নি।
নিহত মইনুল ইসলামের লাশ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।দীর্ঘদিন থেকে সৌদি আরবে বসবাস করে আসছিলেন তিনি।
তার আত্মীয় আরো জানান, ৩ বছর আগে দেশে এসে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বালিঙ্গা গ্রামে বিয়ে করেন। তার একটি ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর দেশে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।







