মালয়েশিয়ায় ৩১ বাংলাদেশিসহ গ্রেফতার ৯৪
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৯, ৬:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বর্তমানে প্রতিদিনই কোথাও না কোথাও গ্রেফতার হচ্ছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শ্রমিকরা। এসব গ্রেপ্তার এড়াতে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো কে এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন কমিউনিটি সংগঠনগুলো।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশী অধ্যুষিত এলাকা কোতারায়া ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় অভিবাসন বিভাগের অভিযানে ৩১ জন বাংলাদেশিসহ ৯৪ জনকে গ্ৰেফতার করেছে ইমিগ্রেশন।
২৯ জুন শনিবার স্থানীয় সময় বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন রাজধানী পুলিশ প্রধান দাতুক সেরি মাজলান লাজিম। এদিন বিভিন্ন বিদেশি শ্রমিকদের পছন্দের এলাকা গুলোতে অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশী এলাকা হিসেবে পরিচিত কোতারায়া,জালান চৌকিট,পাচার চৌকিট,জালান তুন সামবানতান,জালান সেপাডু কেলাং লামা,সেরি পেটালিং সহ রাজধানীর অলিতে গলিতে ব্যাপক অভিযান শুরু করে। এসময় গ্রেফতার এড়াতে অবৈধদের পাশাপাশি বৈধরাও দৌড়ে পালাতে থাকে।
দীর্ঘ দেড় ঘন্টার অভিযানে ৩১ জন বাংলাদেশিসহ মায়ানমারের ২৮, ভিয়েতনামের ২, পাকিস্তানের ২, ইন্ডিয়ার ৫, নেপালের ৪, ইন্দোনেশিয়ার ১১, আফ্রিকার ১১জনকে গ্রেফতার করে।
আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। এসময় কুয়ালালামপুর পুলিশ প্রধান জানান, আটককৃতদের কাছে বৈধ কোন নথিপত্র না থাকায় এবং ভিসা অনুযায়ী কাজ না করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।







