ওসমানীনগরের সীমাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে লন্ডনে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ৭:৩৩ অপরাহ্ণ
লন্ডন অফিস:
ওসমানীনগরে গৃহবধু সীমা বেগমকে ধর্ষণের চেষ্টা ও কুপিয়ে আহত করার প্রতিবাদে লন্ডনে মানববন্ধনের ডাক দেয়া হয়েছে। আজ শুক্রবার ফ্রেন্ডস হেল্পিং সোসাইটির উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কে স্থানীয় সময় দুপুর ১টা ৩০মিনিটে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাজ্য প্রবাসী সর্বস্থরের জনসাধারণকে মানববন্ধনে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সোসাইটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার ভোরে ওসমানীনগরে গৃহবধু সীমা বেগমকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে তারই আপন চাচাত ভাই জুয়েল। উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির জটুকোণা গ্রামে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় সীমাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় আহত সীমার বাবা আবদুল মুহিত বাহার বাদী হয়ে বুধবার রাতে তার ভাই ফারুক মিয়ার ছেলে আবদুল হাদি জুয়েলকে আসামী করে (মামলা নং ১৯) দায়ের করেন।
এদিকে মুঠো ফোনে জুয়েলের অব্যাহত হুমকীর মুখে নিরাপত্তাহীনতায় ভোগছে পরিবার। মামলা তুলে নিতে পরিবার ও প্রবাসে থাকা আত্মীয় স্বজনকে জুয়েল হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।







