ঐক্যবদ্ধভাবে দেশ বিদেশে গনআন্দোলন গড়ে তুলতে হবে : বাহরাইনে আহমেদ আলী মুকিব
প্রকাশিত হয়েছে : ২৮ এপ্রিল ২০১৭, ১০:৫৫ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাহরাইন শাখার নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাহরাইনে একটি অডিটোরিয়ামে নতুন কমিটির এই অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। বাহরাইন বিএনপির সভাপতি শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।
বিশেষ অতিথি ছিলেন ,কাতার বিএনপির সদস্য সচিব ও সাবেক যুবদলের আন্তর্জাতিক সম্পাদক শরিফুল হক সাজু,কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক মনজুরুল আলম, সৌদিআরব বিএনপি নেতা আ ক ম রফিকুল ইসলাম
প্রধান অতিথির বক্তব্যে সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব বলেন, ৫ জানুয়ারির ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গনতন্ত্রকে হত্যা করেছে। দেশে আজ সত্যিকার অর্থে গণতন্ত্র না থাকায় দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত হচ্ছে। গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই দেশে রাজনৈতিক স্থিতিশিলতা ফিরিয়ে আনা সম্ভব। তিনি নবগঠিত বাহরাইন বিএনপির কার্যকরী কমিটির সকলকে অভিনন্দন জানান। বাহরাইন প্রবাসী জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী সকল নেতা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে দল পরিচালনা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
অভিষেক অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশের বীর সন্তানদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা উল্লেখ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
মুকিব আরো বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে জেঁকে বসেছে একদলীয় শাসনব্যবস্থা। আইনের সঠিক প্রয়োগ নেই। একের পর এক গুম, খুন ও ভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের মাধ্যমে হরণ করা হচ্ছে মানবাধিকার। মত প্রকাশের অধিকার আজ ভূলুণ্ঠিত। বক্তারা দেশে আইনের সঠিক প্রয়োগ, গুম খুন বন্ধ, বিরুধী নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করার মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।
বাহরাইন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী,গোলাম রাব্বানী চৌধুরী,বিএনপি নেতা আবুল হোসেন তুহিন,নুরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ। অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করেন।







