ওসমানীনগরে ভাসুরের লাঠির আঘাতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা গৃহবধূর, আটক ১
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে ভাসুরের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। এ ঘটনায় গতকাল সোমবার নিহতের ভাসুর কবির মিয়াকে আটক করেছে পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণগ্রামের মৃত নজির মাস্টারের ছেলে জোনেদ মিয়া ও তাঁর ভাই কবির মিয়ার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় তাঁদের থামাতে এগিয়ে আসেন জোনেদ মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী লাকি বেগম (২৮)। একপর্যায়ে তাঁর পেটে লাঠি দিয়ে আঘাত করেন ভাসুর কবির মিয়া। এতে গুরুতর আহত হন লাকি বেগম।
পরে তাঁকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা (নং-১৩) দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ভাসুরের লাঠির আঘাতে মারা যান অন্তঃসত্ত্বা গৃহবধূ লাকি বেগম। এ ঘটনায় নিহতের মা একটি মামলা দায়ের করেছেন এবং ভাসুর কবির মিয়াকে আটক করা হয়েছে।






