খালেদা জিয়ার সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বিকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। অনুষ্ঠানের ফাঁকে প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বেগম খালেদা জিয়া পারষ্পরিক সৌজন্য বিনিময় করেন। প্রধান উপদেষ্টা এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিনী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান। এসময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সেনাকুঞ্জে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে অভ্যর্থনা জানান। গত বছরও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিয়েছিলেন।
গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান খালেদা জিয়া। সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে প্রধান উপদেষ্টার ডান পাশের চেয়ারে বসেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একই গাড়িতে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন চেয়ারপারসনের গাড়িবহরের সঙ্গেই সংবর্ধনা অনুষ্ঠানে যান। এছাড়া স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্চের এই অনুষ্ঠানে যোগ দেন।








