সিলেট সাজাতে চান নতুন ডিসি সারওয়ার আলম
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
অস্থির সময়ে সিলেটে যোগদান করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সাদাপাথর নিয়ে তখন দেশ জুড়ে আলোচনা। লুটের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ। এই সময়ে যোগ দিয়ে তিনি হাল ধরেন সিলেটের। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন তিনি।
রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের সঙ্গে করেছেন আলোচনা। যোগদানের দুই সপ্তাহের মাথায় এসে গতকাল সিলেটের সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন। আর বৈঠকে আলোচিত হয়েছে নানা বিষয়। উঠে আসে পাথর লুটপাটের ঘটনাও। তবে বিষয়টি নিয়ে কথা বাড়াননি ডিসি। বলেন- সবকিছু নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। পর্যটন এলাকার লোকজনের বিকল্প কর্মসংস্থানের বিষয়টিও নিয়ে ভাবতে হচ্ছে। সিলেটে অনেক বালুমহাল লিজ আছে। লিজের বাইরেও বালু আহরণ হচ্ছে। জানালেন- এসব বিষয় নিয়ে তিনি লিজ গ্রহীতাদের সঙ্গে আলোচনা করবেন। তাদের নিয়মের মধ্যে নিয়ে আসতে কাজ করা হবে। স্পষ্ট বার্তা দিলেন প্রশাসনের কর্মকর্তাদের।
জানালেন- সেবা সহজ করতে হবে। সেবা নিতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন সেজন্য তিনি কাজ করছেন। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে কাজ করছেন। দুর্নীতিতে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে শুধু ব্যবস্থাই নয়, জেলেও দেয়া হবে। এ সময় সিলেট বিআরটিএ’র প্রসঙ্গ টেনে তিনি জানান, বিআরটিএ পরিদর্শনকালে অফিসে থাকা দালালদের ধরে জেলে পাঠিয়েছেন। এদিকে তার সব কথা ছাপিয়ে উঠে এসেছে সিলেটকে সাজানোর কথা। যোগদানের পরপরই তিনি এয়ারপোর্ট রোড নিয়ে কথা বলেছিলেন। ওই রোডকে প্রাকৃতিকভাবে সাজানোর কথা বলেছিলেন। আর গতকাল বলেছেন নগরের উল্লেখযোগ্য কিছু সমস্যা নিয়ে। এই সমস্যার মধ্যে রয়েছে নগরের কিনব্রিজ। এটি একটি পুরাতন স্থাপনা। সুরমার উপরের কিনব্রিজকে বলা হয় সিলেটের স্মারকও। এই ব্রিজের দুই পাশের মুখ বন্ধ করে ব্রিজকে সংরক্ষণ করা হবে।
কোনো হকার যাতে ব্রিজের উপর বসতে না পারে সে ব্যাপারে তিনি উদ্যোগ নেবেন। জানান- কিনব্রিজে আর হকার বসতে দেয়া হবে না, এবং ব্রিজটি শুধু হাঁটাচলার জন্য উন্মুক্ত থাকবে। মোটরসাইকেল যাতে সেতুতে উঠতে না পারে, তার জন্য ব্রিজের দুই প্রবেশ মুখ বন্ধ করে দেয়া হবে, যা আগামী শনিবার থেকে কার্যকর হবে। ২০১৯ সালে ঐতিহ্য সংরক্ষণের জন্য সেতুটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। ওই বছরের ৩১শে আগস্ট মধ্যরাতে কিনব্রিজের উভয় প্রবেশপথে লোহার বেষ্টনী স্থাপন করে যান চলাচল বন্ধ করা হয় এবং সেতুর সামনে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টানানো হয়। শুধুমাত্র পথচারীরা সেতু ব্যবহার করতে পারেন। মতবিনিময় সভায় আলী আমজদের ঘড়ি ঘরে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন- সিলেটের যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে, তার মধ্যে আলী আমজদের ঘড়ি অন্যতম।
ঘড়িঘরে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও আপত্তি ওঠায় এটি সরিয়ে নেয়া হয়েছে। তবে আশপাশে অন্য কোথাও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। ট্রাকের কারণে জঞ্জাল বেড়েছে চাঁদনীঘাটে। এ প্রসঙ্গে ডিসি বলেন- সুরমা নদীর তীরে ট্রাক পার্কিং করার ফলে দর্শনার্থীরা দুর্ভোগে পড়ছেন। তাই এই এলাকায় আর ট্রাক পার্কিং দেয়া হবে না। আগামী শনিবার থেকে পরিচ্ছন্ন করার কাজ শুরু হবে। নগরের সড়ক ও ফুটপাথ হকারদের দখলে চলে যাওয়ার প্রসঙ্গে তিনি জানান, সিটি করপোরেশন ইতিমধ্যেই হকারদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল এবং একটি জায়গা নির্ধারণ করা হয়েছে। এটি আবার কার্যকর করার উদ্যোগ নেয়া হবে। জেলা প্রশাসক বলেন- ফুটপাথ ও সড়ক সম্পূর্ণ দখলমুক্ত করতে হবে। প্রশাসন সূত্র জানিয়েছে, ইতিমধ্যে জেলা প্রশাসক নগরের ৫০টি’র বেশি সমস্যা চিহ্নিত করেছেন। এসব সমস্যা সমাধানে তিনি কাজ শুরু করেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা আরও সহজতর করতে দু’একদিনের মধ্যে তিনি হাসপাতালে যেতে পারেন।







