বিশ্বনাথে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল, জনসমুদ্র
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ

সুরমা নিউজঃ
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি নিখোঁজ এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ’সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে ‘বিশ্বনাথ উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভার নতুন বাজার এলাকাস্থ প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।
এসময় ইলিয়াস আলী ও তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার নামে নানান স্লোগানে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে পৌর শহর। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিশাল জনসমুদ্রে রুপ নেয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই। সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী বিশাল বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করার জন্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে পথসভার সমাপ্তি ঘোষণা করেন।







