মিশিগানে আবারও আসছেন জেমস: চলছে শেষ প্রস্তুতি, হ্যামট্রাম্যাক সিটিতে নামবে জনস্রোত
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৫, ৬:২১ অপরাহ্ণ

সাহেল আহমেদ, যুক্তরাষ্ট্র (মিশিগান):
যুক্তরাষ্ট্রের মিশিগানে আসছেন গানের জগতের গুরু রকস্টার জেমস। দুই বছর পর আবারও দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী জেমসের মিশিগান আগমনে জনতার ঢল আছড়ে পড়বে বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামেক শহরে। এসএনএস হোম লোন ও বাংলা ওয়ান টিভি প্রেজেন্টস তিনদিন ব্যাপী এবারের নর্থ আমেরিকান বাংলাদেশি ফেস্টিভ্যালটি আগামী ৮, ৯ ও ১০ আগস্ট রাজ্যের হ্যামট্রাম্যাক সিটির জসোকম্পো রোডজুড়ে অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে সিটির রাধুনি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এমন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
বিগ বাজেটের এই মেলাকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে জানিয়ে প্রেস কনফারেন্সে মেলা কমিটির সদস্য সচিব রুম্মান চৌধুরী বলেন, হ্যামট্রাম্যাক সিটির জসোকম্পো রোডে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত তিনদিনব্যাপী চলবে মেলার এ আয়োজন। শুধু নগর বাউলখ্যাত জেমস নয়, দেখা মিলবে সংগীত শিল্পী সেলিম চৌধুরী, পারভেজ সাজ্জাদ, ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খান, নায়িকা প্রার্থনা ফারদিন দীঘিসহ নিউইয়র্ক থেকে আগত অনেক সঙ্গীত শিল্পী। এছাড়া মিশিগানের ব্যান্ডদল রিদম অফ বাংলাদেশসহ স্থানীয় শিল্পীরা গান গাইবেন বলে জানান।
এ সময় মেলা কমিটির আহবায়ক বকুল তালুকদার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মেলা উপলক্ষে মূল মঞ্চ ছাড়াও রোডজুড়ে বসানো হচ্ছে সুদৃশ্য স্টল। এসব স্টলে থাকবে দেশি-বিদেশী পোশাক, খেলনা সামগ্রী, বাঙালি পণ্য, জুয়েলারি, খাবারের পসরা। মেলা উপলক্ষে বেঙ্গল অটোর পক্ষ থেকে র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি গাড়ি। এছাড়া কেউ চাইলে এখনো স্টল বুকিং দিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রবাসী বাংলাদেশিদের এই উৎসবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আয়োজকরা আরও জানান, যুক্তরাষ্ট্রে শুধু মিশিগানেই জেমসের কনসার্ট সবার জন্য উন্মুক্ত হয়ে থাকে। এই মেলা হবে প্রবাসীদের মিলন মেলা। এবারের মেলার ২০হাজারেরও বেশী প্রবাসী বাংলাদেশিদের পদচারণা থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফেস্টিভ্যালের পৃষ্টপোষক নাসির সবুজ, মেলা কমিটির আহবায়ক বকুল তালুকদার, বাংলাদেশ কালচারাল সোসাইটি অফ মিশিগানের সভাপতি শাহাব উদ্দিন, মেলা কমিটির যুগ্ম আহবায়ক সালেহ আহমদ বাদল, সদস্য সচিব রুম্মান চৌধুরী, প্রচার সম্পাদক পারভেজ আহমেদ, সহ-প্রচার সম্পাদক আরিফ আরমান জিসান, যুগ্ম সদস্য সচিব হিমেল দাস, শুভ কামাল, আনোয়ার হোসেন, এজে আনোয়ার, তাজুল ইসলাম, রাহমান আবির।







