বাংলাদেশিসহ আমিরাতে করোনা আক্রান্ত ১৫
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২০, ৫:৩৪ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে করোনা ভাইরাসে মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৫ জন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের একজন নাগরিক। এ ছাড়া একজন করে আক্রান্ত ব্যক্তি রয়েছেন কিরগিজস্তান, সার্বিয়া, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাষ্ট্র, গ্রিস, রাশিয়া ও ইউক্রেনের। দু’জন করে আক্রান্ত রয়েছেন বৃটেন ও স্পেনের। এ নিয়ে সেখানে এ রোগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১৩। মঙ্গলবার স্বাস্থ্য ও প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আগেভাগে নজরদারি, রিপোর্টিং সিস্টেম ও ওইসব ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে, যারা এরই মধ্যে বিদেশ থেকে আসা লোকজনের সান্নিধ্যে গিয়েছিলেন, তাদের পরীক্ষা করার মাধ্যমে এসব সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার নতুন করে যারা শনাক্ত হয়েছেন তাদের অবস্থা স্থিতিশীল। তারা সবাই স্বাস্থ্যসেবা নিচ্ছেন।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, করোনা সংক্রমিত হয়েছেন এমন মানুষের সংস্পর্শে গিয়েছিলেন এমন ব্যক্তিদেরকে রোগ বিস্তার থেকে দূরে সরিয়ে রাখতে এবং জনস্বাস্থ্য নিরাপদ রাখতে স্ক্রিনিং করা হয়েছে। সব স্বাস্থ্য ও সংশ্লিষ্ট অন্য কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতামূলক চ্যানেল রক্ষা করা হচ্ছে। প্রতিরোধকূলক কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা ও মানদন্ড অনুযায়ী চেক-আপ প্রকাশ করা হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলতে জনগণকে মন্ত্রণালয়ের পরামর্শ মেনে চলতে অনুরোধ করা হয়েছে। গুজব ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।







