বিশ্বনাথে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৮ অপরাহ্ণ

সুরমা নিউজ:
সিলেটের বিশ্বনাথ উপজেলার সুড়িরখলা নামক স্থানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক অজ্ঞাত ডাকাত নিহত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের সুড়িরখলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একদল ডাকাত বিশ্বনাথ জগন্নাথপুর বাইপাস সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির নিচ্ছে এমন খবর তাদের কাছে এক মোটরসাইকেল আরোহী জানান। খবর পেয়ে থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলিছুড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে এক অজ্ঞাত নামা ডাকাত ঘটনাস্থলে মারা যায় এবং তিনজন পুলিশ সদস্য আহত হন। তাঁরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতরা হলেন- এসআই মিজানুর রহমান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সকাল সাড়ে দশটায় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা জানান, এখন পর্যন্ত ডাকাতের পরিচয় সনাক্ত করা যায়নি। ডাকাতদলের গুলিয়ে আমাদের তিন পুলিশ আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।







