ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন সম্মাননা পেলেন সিলেটের নাজির
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ৪:৪৪ অপরাহ্ণ

সুরমা নিউজ:
ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ।
নিউহ্যাম বারার দুই টার্মের নির্বাচিত ডেপুটি স্পিকার কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ। সম্মাননা গ্রহণের পর তিনি বলেন, এ সম্মাননা আমি আমার কমিউনিটি ও নিউহ্যামের জনগণের জন্য উৎসর্গ করলাম। এই সম্মাননা কমিউনিটির জন্য আরও অধিক কাজ করতে আমাকে নিঃসন্দেহে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
আইনি ও কমিউনিটি সেবায় বিশেষ ও ব্যতিক্রমধর্মী অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। গেল ২৮ জানুয়ারি লন্ডনের গিল্ডহলের চেম্বারলেইনস কোর্ট রুমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন ব্যারিস্টার নাজির আহমদ।
নাজির আহমদ ব্রিটেন তথা ইউরোপের সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠিত আইনজীবী। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন দৌলতপুর ইউনিয়নের বাহারা দুবাগ গ্রামের এক সম্ভ্রাম্ত মুসলিম পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বাংলাদেশে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে কুমিল্লা শিক্ষাবোর্ডের মেধাবৃত্তি লাভ করে নব্বই দশকের গোড়ার দিকে বিলেত গমন করেন।
পরবর্তীতে তিনি লন্ডন ইউনিভার্সিটির কুইনমেরী থেকে এলএলবি (অনার্স) ও একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রী অর্জন করেন। পরে বিশ্বখ্যাত লিনকন্স ইন থেকে কৃতিত্বের সাথে বার-এট-ল ডিগ্রী লাভ করেন। তিনি বৃটেনের স্বনামধন্য চার্টার্ড ইনস্টিটিউট অব্ আরবিট্রেটরস্ এর একজন “ফেলো”। তিনি কুইনমেরী ইউনিভার্সিটির এলোমনাই এমবেসেডর ও লন্ডন মেয়র অফিসের ইন্ডিপেন্ডেন্ট কাস্টডি ভিজিটর ছিলেন। ব্যারিস্টার নাজির আহমদ শক্তিমান লেখক ও বিশ্লেষক। তিনি বাংলাদেশের একাধিক জাতীয় দৈনিকে সংবিধান, আইন ও সমসাময়িক বিষয়ের উপর লিখে থাকেন। এ পর্যন্ত তার বাংলা ও ইংরেজিতে পাঁচটি বই বের হয়েছে।
১২৩৭ সাল থেকে ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা দেয়া হচ্ছে। স্ব স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিরা এ সম্মাননা পেয়েছেন। ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স জর্জ ১৮৫৭ সালে এ সম্মান লাভ করেন। এ তালিকায় আরও আছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্গারেট থ্যাচার, প্রয়াত ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমট কোহলস, ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার জন বারকো, ব্রিটিশ চ্যান্সেলর সাজিদ জাভিদ, সাবেক ইংলিশ ক্রিকেটার স্যার আ্যালিস্টার কুক, অভিনেতা এডি রেডমেইন, ডেনিয়েল লুইস, স্টিফেন ফ্রাই, ইয়ান মেককেলেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসসহ অনেকে।
এসময় সম্মাননা প্রদান অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন এসেম্বলি মেম্বার উমেশ দেশাই এএম, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিবিসিএ এর প্রতিষ্টাতা সেক্রেটারি জেনারেল শাহনুর আহমদ খাঁন, বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম কিবরিয়া, কমিউনিটি নেতা পারভেজ কোরেশী, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম এ মূয়ীদ খাঁন, সলিসিটর আবু নাইয়ুম, একাউন্টেন্ট রাব্বির হাসাইন, লিগ্যাল এডভাইসার ওয়াহিদ আলী, লিগ্যাল কনসালটেন্ট জুবায়ের আলী প্রমুখ।







