মারা গেছেন ইত্যাদির সেই ‘নাতি’র বাবা
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
বাবা হারালেন দেশের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করা অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। তার বাবা গতকাল বুধবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডাঃ গোলাম মোস্তফা তালুকদার। তিনি দীর্ঘদিন যাবত গলার ক্যান্সারে ভুগছিলেন। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও সম্প্রতি তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় উত্তরায় প্রথম দফা জানাজা শেষে দাফনের উদ্দেশ্যে নিজ গ্রাম জামালপুরে রওয়ানা হয়েছে নিপুর পরিবার। সেখানে আরেক দফা জানাজা শেষে বাদ মাগরিব তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।







