ওসমানীনগরে সমন্বয়ক ও জামায়াত নেতা পরিচয়ে প্রশাসনকে হুমকী, অত:পর কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও জামায়াত নেতা পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকী এবং অনৈতিক কাজ করাতে বল প্রয়োগ ও সরকারি কাজে বাধা সৃষ্টি করার অপরাধে এক যুবককে ২ মাসের কারাদন্ড দিয়ে আদালতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত। কারাদণ্ড প্রাপ্ত যুবকের নাম মোঃ মাহবুবুর রহমান (৩২)। সে ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের পুত্র।
সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে সে দোষ স্বীকার করলে তাকে এই দন্ড প্রদান করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাহবুবুর নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহবায়ক ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জায়গার নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকী প্রদান করে আসছিল। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও ও মব সৃষ্টি করে ভাঙচুর করার হুমকীও দেয়। সোমবার ভুমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারো হুমকী প্রদান করলে তাকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয়। ভাম্যমান আদালতের বিচারকের কাছে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। এই কাজে তাকে ডাঃ আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচণা দিয়েছেন বলে জানায়। আদালত তাকে দন্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদন্ড ও ৫শ টাকার অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ বলেন, জামায়াতের পরিচয় যে কেউ দিলে তো আর সে জামায়াত হয়ে যায় না। সে তো আমাদের তালিকায় থাকতে হবে। এই নামে জামায়াতের তালিকায় কেউ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকী প্রদানসহ সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিল। সোমবার অফিসে এসে আবারও হুমকী প্রদান করে। ভ্রাম্যমান আদালতের কাছে সে দোষ স্বীকার করায় তাকে আইননগত ভাবে আদালত বসিয়ে দন্ড প্রদান করে আদালতে প্রেরণ করা হয়েছে।








