সিলেটে পরিবহন সেক্টরের দুই কুতুব কারাগরে
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৫, ৫:১১ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
বিস্ফোরক ও ভাংচুরের মামলায় সিলেটের পরিবহন সেক্টরের দোর্দণ্ড প্রতাপশালী দুই কুতুবকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন আলোচিত-সমালোচিত পরিবহণ শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক ও তার ঘনিষ্ঠ সহচর রুনু মিয়া।
রবিবার (২৭ জুলাই) সকালে এই মামলায় জামিন নিতে গেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক শরীফুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।
তিনি জানান, ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন চলার সময় কদমতলী টার্মিনালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় সেলিম আহমদ ফলিক ও রুনু মিয়া আসামি। তারা এতদিন জামিনে ছিলেন। আজ রবিবার জামিন নিতে আদালতে উপস্থিত হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেলিম আহমদ ফলিক এক সময় সিলেটের পরিবহন সেক্টরের প্রভাবশালী নেতা। আওয়ামী সরকারের আমলে ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা সেলিম সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন।
এর আগে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্তও তিনি একই পদে ছিলেন। তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন রুনু মিয়া। ২০২৪ সালের ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের নির্বাচনে সেলিম ও রুনু মিয়ার নেতৃত্বে কদমতলী টার্মিনালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ওই বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলা করেন ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।







