পাহাড়ি ঢলে ভেসে গেল চুনারুঘাটের ব্রিজ
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
দুই দিনের অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও গরমছড়ি রাস্তার মাইজ গাঙ্গের পুল (কাঠের ব্রিজ) ভাসিয়ে নিয়ে গেছে। রোববার ভোরে পুলটি পাশের ধানি জমিতে গিয়ে আটকে পড়ে।
এতে ওই এলাকার গরমছড়িসহ কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ বিপাকে পড়েছে। চুনারুঘাটের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে পাহাড়ি ঢলের পানিতে ওই এলাকার নিম্নাঞ্চল ও ধানসহ সবজি পানিতে তলিয়ে গেছে।
স্থানীয় হারুনুর রশীদ নামে এক শিক্ষার্থী জানান, গত দুই দিনের ঢলে সকালে মাইজ গাঙ্গের পুলটি ভাসিয়ে নিয়ে যায়। খবর পেয়ে গ্রামবাসী কাঠের ব্রিজটি পাশের জমিতে নিয়ে রাখেন।
তিনি জানান, এ কাঠের ব্রিজটিই ওই এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। এ ব্রিজ দিয়েই তারা রানীগাঁও ইউপি অফিস বাজার ও চুনারুঘাট শহরের আসা যাওয়া করেন। এ ব্রিজটি ভেসে যাওয়ার কারণে এখন জরুরি প্রয়োজনে কিংবা রোগী নিয়েও চুনারুঘাট আসা সম্ভব নয়। এতে তাদের দুর্ভোগ বেড়েছে।
এছাড়া এলাকার মানুষজন তাদের প্রয়োজনীয় কাজে চুনারুঘাট কিংবা রানীগাঁও আসতে পারছেন না। এমনকি তাদের উৎপাদিত সবজি কিংবা খাদ্যপণ্য বিক্রয়ের জন্যও বাজারে আসতে পারছেন না। এলাকাবাসী দ্রুত এ ব্রিজটি নির্মাণের দাবি জানিয়েছেন।







