সিলেটে ফের ছড়াচ্ছে ডেঙ্গু, শনাক্ত ৬
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ২:০৮ অপরাহ্ণ

সুরমা নিউজঃ
সিলেটে ফের ছড়াচ্ছে ডেঙ্গু। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের শরীরে শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এতে কেউ আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত যারাই আক্রান্ত হয়েছেন তাদের শতভাগই সুস্থ হয়েছেন।
অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে চারজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে একজন এবং সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সিলেট বিভাগে চলতি বছরের জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে পাঁচজন, সুনামগঞ্জে একজন, মৌলভীবাজারে তিনজন এবং হবিগঞ্জে পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।







