বিশ্বনাথে নতুন পোশাক-খাবার নিয়ে পথশিশুদের পাশে দাঁড়ালেন ওসি
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২০, ৭:৩৬ অপরাহ্ণ

বিশ্বনাথ প্রতিনিধি:
করোনা পরিস্থিতির কারণে যখন মানুষ ঘরবন্দি, কর্মহীনতায় জনজীবন চরম বিপর্যস্ত, অসহায় দিনমজুর, হতদরিদ্র কিংবা পথশিশুরা চোখে শর্ষে ফুল দেখছে ঠিক এমন সময়ে পিতৃস্নেহ নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পথশিশুদের পাশে দাঁড়ালেন থানার ওসি শামীম মুসা।
তাদের প্রতি প্রসারিত করলেন মানবিকতার হাত। সকলের মাঝে ছড়ালেন মুগ্ধতা। কেউ রাখে না যাদের খবর-সেই অসহায় ছিন্নমূল পথশিশুদের নরসুন্দর দিয়ে চুল কেটে দিলেন, গোসল করালেন, নতুন জামা পরিয়ে দিলেন। অতঃপর পরম মমতায় নিজ হাতে তাদের খাবার পরিবেশন করলেন। পুলিশই জনতা, জনতাই পুলিশ-এমন মানবিক কাজের মধ্যদিয়ে সেটা আরেকবার প্রমাণ হলো।
‘প্রথমেই সাবান দিয়ে হাত ধোয়া। এরপর চুলকাটা। চুলকাটা শেষে সাবান দিয়ে গোসল ও কাপড় ধোয়া। রোদে বসে ভিজা কাপড় শুকানো। সকলের মধ্যে নতুন কাপড় বিতরণ ও পরিধান। একত্রে দুপুরের খাবার খাওয়া। সবশেষে সবাই মিলে গ্রুপ ছবি তুলে যার যার বাড়িতে ফেরা।’
সিলেটের বিশ্বনাথে রবিবার সকাল থেকে উপজেলা সদরে থাকা পথশিশুরদের নিয়ে এমনই এক মহতি উদ্যোগ গ্রহণ করে থানা পুলিশ। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিত দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা সদরে যখন লোকসমাগম কম থাকায় ও খাবারের বেশ অভাব থাকায় পথশিশুদেরকে কিছুটা আনন্দ দিতেই ওই মহতি উদ্যোগটি গ্রহণ করে পুলিশ।
বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, আমাদের সমাজে থাকা পথশিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে ও তাদেরকে কিছুটা আনন্দ দিতেই থানা পুলিশের উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সমাজই উপকৃত হতো।






