বিশ্বনাথে নিজের বুকে গুলি চালানো পুলিশ সদস্যকে ঢাকায় প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ২:৫৯ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টাকারী বিশ্বনাথ থানায় দায়িত্বরত পুলিশ কনস্টেবল তপু দেবনাথকে ঢাকায় নেয়া হচ্ছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর তপুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাত ১১ টার দিকে একটি এয়ার এম্বুল্যান্স তাকে নিয়ে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ। তার আত্মহত্যার চেষ্টা প্রেমঘটিত কারণে হতে পারে বলে জানিয়েছেন তিনি।
এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্বনাথ থানা পুলিশ ব্যারাকে নিজের বুকে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পুলিশ কনস্টেবল তপু দেবনাথ। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তপু দেবনাথের বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামে।
হাসপাতালে ভর্তির পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছিলেন- বুকের বাম পাশের দিকে সে গুলি চালায়। তবে হার্টের পাশ দিয়ে গুলি বের হয়ে যায়। এতে বেঁচে যায় সে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসের ২০ তারিখ রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ লাইন মাঠে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালান মো. কুদ্দুস সাহা (৩১) নামে এক নায়েক। তিনি মৃত্যুর আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।







