এবার নোবেলের কড়া সমালোচনায় যা বললেন পরিকল্পনামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০১৯, ১:৩৭ পূর্বাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক :
কণ্ঠশিল্পী নোবেলকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই দেশ বিদেশে চলছে সমালোচনা। যার মূল কারণ একজন কিশোরী প্রেমিকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোবেলের খোলামেলা কয়েকটি ছবি সেয়ার করে নতুন করে সমালোচনার জন্ম দেন ওই কিশোরী।
এবার নোবেলকে নিয়ে সেই প্রসঙ্গ টেনে কড়া সমালোচনা করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা নোবেলের নেই বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৩ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, ‘নোবেল নামের বাচ্চা একটা ছেলে ভালই গান গাইছিল, তার প্রতি স্নেহ জন্মেছিল। কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা, আমাদের দেশ সম্পর্কে মূর্খের মতো মন্তব্য করেছে সে।
তিনি যোগ করেন, নোবেলের কথায় আমাদের জাতীয় সঙ্গীত সঠিক নয়! আরও ভালো জাতীয় সঙ্গীত তার কাছে আছে!
এর পর নোবেলকে উদ্দেশ্য করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এভাবে জাতি সম্পর্কে মন্তব্য করা তোমার মতো বাচ্চা ছোকড়া ছেলের উচিত নয়। তুমি মোটামুটি পরিচয় অর্জন করেছ। এটাকে আরও বাড়িয়ে নিয়ে যাও। আমরা তোমাকে আশীর্বাদ করি, দোয়া করি। কিন্তু আমাদের ইতিহাস নিয়ে, পরিচয় নিয়ে নাড়াচাড়া করার জ্ঞান, বুদ্ধি-বিদ্যা তোমার মোটেও নেই।’
তিনি বলেন, ‘এক জীবনে বঙ্গবন্ধুর অবদান বলে শেষ করা যাবে না। তার ঋণ কখনও শোধ হবার নয়। বঙ্গবন্ধুর ত্যাগে অর্জিত এ সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সবাইকে কাজ করতে হবে।’







