ব্রিটেনে ৩০ হাজার দক্ষ বাংলাদেশী শেফ ও কর্মী নিয়োগের সুযোগ আছে
প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০১৯, ১২:০১ পূর্বাহ্ণ
লন্ডন অফিস:
যুক্তরাজ্যে কারি শিল্পের বাজারে ৩০ হাজার দক্ষ বাংলাদেশী শেফ ও কর্মী নিয়োগের সুযোগ রয়েছে বলে জানিয়েছে ইউকেবিসিসিআই। ব্রিটেনে ১২ হাজারের অধিক বাংলাদেশী মালিকানাধীন রেস্টুরেন্টে এ নিয়োগ সুযোগ রয়েছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদকে জানান ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই। এ সুযোগ নিতে না পারলে প্রতিবেশী অন্যান্যদের কাছে বাজারটি হারাতে হবে বলে জানান তিনি। এ ব্যাপারে প্রতিমন্ত্রীকে দক্ষ জনবল তৈরীতে শেফ ইন্সটিটিউট নির্মাণের প্রস্তাবনা রাখেন প্রতিনিধি দলটির প্রেসিডেন্ট।
গতকাল মঙ্গলবার মন্ত্রনালয়ে আয়োজিত আলোচনায় বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ) এর সেক্রেটারী জেনারেল ও তারকা শেফ অলি খান এক তথ্য তুলে ধরে জানান, ব্রিটেনের কারিশিল্পের সঙ্গে জড়িত রয়েছে ৫ লক্ষ বাংলাদেশী পরিবার জড়িত। যারা ব্রিটিশ সরকারকে বছরে প্রায় ৪ বিলিয়ন ডলার আয় জোগান দেয়। পুরো বিষয়টি জেনে প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, বাংলাদেশ সরকার দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে বদ্ধপরিকর। যুক্তরাজ্যসহ ইউরোপে বাংলাদেশের শ্রমবাজার বৃদ্ধিতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রতিনিধিদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী শেফ ইন্সটিটিউট সির্মাণসহ ব্রিটেনের কারিবাজারে বিপুল জনবল নিয়োগে ইউকেবিসিসিআইকে সঙ্গে নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার।
আলোচনায় সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিডার পরিচালক একেএম ফজলুল হক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউকেবিসিসিআই’র প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই এর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ রউফ জেপি, ড. এম জি মওলা মিয়া, রোহেমা মিয়া, আবদুল কিউ খালেক (জামাল), ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, ফারজানা হোসেন নীলা, মো. সিদ্দিকুর রহমান (জয়নাল), কামরু আলি, পাবেল কাদিও চৌধুরী, এস আই আজাদ আলি, বুলবুল ইসলাম, জ্যাকুলিন পারসেল, সানাম মিয়া, করিম মিয়া, তারিক আলি, আব্দুল লতিফ (কাওসার), এম কে জামান (জুয়েল), মোহম্মদ আবু ইউসুফ চৌধুরী ও রুকি খানুম।








