জগন্নাথপুরে যাকাতের টাকায় কাঁঠালখাইড়-নয়াবন্দর সড়ক সংস্কার
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০১৭, ১১:৩৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
যাকাতের টাকায় জগন্নাথপুরের কাঁঠালখাইড়-নয়াবন্দর সড়কের সংস্কারকাজ চলছে। দীর্ঘদিন ধরে এ সড়কে কোনো সংস্কারকাজ না হওয়ায় অবশেষে প্রবাসীদের দেওয়া যাকাতের টাকা দিয়ে এলাকাবাসী সংস্কার শুরু করেছে। গত শনিবার থেকে এ কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, ওই সড়কে অনেক দিন ধরে কোনো সংস্কার না হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। অবশেষে আশারকান্দি ইউনিয়নের কয়েক প্রবাসীর দেওয়া যাকাতের কিছু অংশের টাকা দিয়ে সড়কের কাজ করা হচ্ছে।
আশারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাবেদ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে এ সড়কে কোনো কাজ না হওয়ায় এর বেহাল অবস্থা। এলাকাবাসীর কষ্ট লাঘবে আমাদের ইউনিয়নের কয়েকজন লন্ডনপ্রবাসীর কাছ থেকে যাকাতের কিছু টাকা আমরা সংস্কারের জন্য দাবি করি। প্রবাসীরা ৫০ হাজার টাকা দিয়েছেন সড়কের কাজের জন্য। এ টাকা দিয়ে আমরা চার কিলোমিটার সড়কে ইট ফেলে ছোট-বড় গর্তসহ খানাখন্দ ভরাটের কাজ শুরু করেছি। এতে কিছুটা হলেও দুর্ভোগ কমবে।
এলজিইডি অধিদপ্তরের আওতাভুক্ত জগন্নাথপুর উপজেলার ভবেরবাজার-নয়াবন্দর-কাটালখাইড় সড়কে পাঁচ বছর ধরে কোনো সংস্কারকাজ হয়নি। ফলে এ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত বছর ১১ কিলোমিটার সড়কের জন্য তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সড়কের সামান্য অংশে কাজ করে এর সংস্কারকাজ বন্ধ করে দেওয়া হয়।
জগন্নাথপুরের এলজিইডি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ভবেরবাজার-কাটালখাইড়-নয়াবন্দর সড়কে পাঁচ কিলোমিটারের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ করে দেয়। পরে তাকে বাতিল করে দিই। এর বিরুদ্ধে ঠিকাদার হাইকোর্টে মামলা করে রায় নিয়ে তিন মাসের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আবারও কাজ বন্ধ করে দেন। সড়কের কাজটি মামলা জটিলতায় আটকে আছে।







