বাঙ্গালী অধ্যুষিত পুর্ব লন্ডনে ১৬ দিনে ১১ জনকে ছুরিকাঘাতে হত্যা : আতঙ্ক,উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ বাঙ্গালী অধ্যুষিত পুর্ব লন্ডনে গত ১৬ দিনে ১১ জনের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে । উল্লেখযোগ্য হারে এই অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় আতঙ্কের মধ্য আছেন বাংলাদেশী কমিউনিটির অনেকেই। বো এলাকার বাসিন্দা তজম্মুল আলী সুরমা নিউজকে জানান, বিগত প্রায় ৩২ বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছেন কিন্তু এভাবে নাইফ ক্রাইম কখনো দেখেননি। তিনি চরম আতঙ্কিত বলে জানান।
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, শনিবার (১৩ মে) বিকাল সাড়ে ৪ টার সময় ৪০ বছর বয়সী একজনকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্বরা। বো এলাকার ইলিং ক্লোজ এলাকায় এঘটনা ঘটে।
এর আগে গত ১১ এপ্রিল পূর্ব লন্ডনের মাইল এন্ড এলাকার ওয়েগার ষ্ট্রীটে কয়েকজন তরুণের ছুরিকাঘাতে নির্মম ভাবে প্রান হারান বাংলাদেশী বংশোদ্ভূত ২০ বছর বয়সী যুবক জামিনুর। জামিনুরকে নির্মমভাবে তার মায়ের সামনেই হত্যা করা হয়। তার নামাজে জানাজা ১২ মে শুক্রবার ইস্ট লন্ডন মাসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত হয় । তার ১দিন পরে আবারো আরেকজনকে ছুরিকাঘাতে নির্মম ভাবে প্রাণ হারাতে হয়। লন্ডনের স্থানীয় অনলাইন পোর্টাল ইভিনিং স্টান্ডার্ড থেকে প্রাপ্ত তথ্য জানা যায়, শুধু পুর্ব লন্ডনে গত ১৬ দিনে ছুরিকাঘাতে ১১ জনের প্রাণহানি ঘটেছে। আর এতে স্থানীয় জনসাধারণ উদ্বেগ প্রকাশ করেছেন।







