এক বছর সময়ের মধ্যে ৪র্থ বারের মতো ভোটের লড়াই দেখবে ওসমানীনগরবাসী
প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০১৭, ১:২৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
এক বছর সময়ের মধ্যে চতুর্থবারের মতো ভোটের লড়াই দেখবে ওসমানীনগরবাসী। গতবছরের মে মাসে অনুষ্টিত উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর একই বছরের ডিসেম্বরে এলাকায় অনুষ্টিত হলো জেলা পরিষদ নির্বাচন। আবার গত ৬ মার্চ এলাকায় অনুষ্টিত হয়ে গেলো উপজেলা নির্বাচন। এই নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আবারো ভোটযুদ্ধ দেখতে পাবে ওসমানীনগরবাসী। আগামী ২৫ এপ্রিল অনুষ্টিত হবে জেলা পরিষদ নির্বাচনের (৮নং ওয়ার্ড) ওসমানীনগরের স্থগিত হওয়া সদস্য পদের নির্বাচন।
গত বছরের ২৮ মে এলাকার ৮টি ইউনিয়নে অনুষ্টিত হয় দলীয় প্রতিকের ইউপি নির্বাচন। প্রথম বারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচনে সারা দেশের ন্যায় ওসমানীনগরে ভোটারদের মধ্য ছিল উৎসাহ উদ্দীপনা। একই বছরের শেষ দিকে এসে ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্টিত হয় জেলা পরিষদ নির্বাচন। সাধারণ ভোটার নন এলাকার জনপ্রতিনিধিরা ছিলেন ভোটার। তারপরও সমান উৎসাহ-উদ্দীপনা প্রচার-প্রচারণা ছিলো এলাকায়। নির্বাচনের দিন সদস্য পদে নির্বাচন স্থগিত হয় নানা জটিলতায়। গত মাসে অনুষ্টিত হলো অনেক ঘটনা দুর্ঘটনার উপজেলা নির্বাচন। তার রেশ কাটতে না কাটতেই ঘোষণা এসেছে জেলা পরিষদের স্থগিত হওয়া সদস্য পদের নির্বাচন আগামী ২৫ এপ্রিল।
জেলা পরিষদ নির্বাচনের সদস্য প্রার্থী আবু আহমদ এমদাদ সুরমানিউজকে বলেন, সদস্য পদে স্থগিতকৃত ৮ নম্বর ওয়ার্ড ওসমানীনগরে নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ায় আবারো প্রচারনায় নেমেছি। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এ নির্বাচনে আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
এদিকে ওসমানীনগর উপজেলার কয়েকজন ইউপি মেম্বার সুরমানিউজকে জানান, সদস্য পদে স্থগিতকৃত নির্বাচন আগামী ২৫ এপ্রিল অনুষ্টিত হওয়ার খবরে গতকাল থেকে তাদের কাছে ভোট চেয়ে ফোন আসছে। অনেকেই ব্যক্তিগত ভাবে যোগাযোগ শুরু করেছেন।







